কুয়ালা লামপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে ছয় সপ্তাহের মধ্যে অনাস্থা ভোট ডাকার পরিকল্পনা করছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। এ পরিকল্পনায় সমর্থন আদায়ের চেষ্টায় নেমেছেন তিনি। 'দ্য ফিন্যান্সিয়াল টাইমস' পত্রিকার প্রতিবেদনে শুক্রবার একথা বলা হয়েছে।
সাবেক সহযোগীর সঙ্গে সমকামিতার অভিযোগের বিরুদ্ধে লড়ে আসা আনোয়ার খুব শিগগিরিই আবার অভিযুক্ত হবেন এমন জল্পনা নাকচ করেছেন। ফিন্যান্সিয়াল টাইমস আনোয়ারের উদ্ধৃতি দিয়ে বলেছে, "এখন তাদের সামনে যে তথ্য-প্রমাণ আছে তাতে করে সমকামিতার অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের লেগে থাকার কোনও কারণ আমি দেখি না।"
আনোয়ার আরও বলেন, "ন্যায়বিচার এবং স্বচ্ছতা আছে এরকম অন্য যে কোনও পদ্ধতিতেই তাদের উচিত তদন্ত বন্ধ করে আমার নামে কলঙ্ক দূর করা।" বিরোধীদলের উত্থান ঠেকাতে সরকার ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ তুলেছে বলে দাবি করে আসছেন আনোয়ার।
সরকার বৃহস্পতিবার জানায়, আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা সমকামিতা মামলার তদন্ত শেষ করেছে পুলিশ। খুব শিগগিরি আনোয়ারের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলেও জানান এক নিরাপত্তা কর্মকর্তা।
স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ হামিদ আলবার জানান, আনোয়ারের বিরুদ্ধে এখনো চার্জ গঠন করা হয়নি। তবে পুলিশ মামলার তদন্ত শেষ করেছে।
তিনি বলেন, "তদন্ত শেষ হয়েছে এবং নথিপত্র অ্যটর্নি জেনারেলের কাছে পাঠানো হয়েছে। তিনিই পরবর্তী পদক্ষেপ নেবন। তবে তদন্তে কি পাওয়া গেছে তা আমি জানি না।"
কিন্তু পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছেন, আনোয়ারের বিরুদ্ধে খুব শিগগিরি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। তিনি বলেন, "এটা যে কোনো সময় হতে পারে।"
এক সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক বিদ্বেষের কারণে তার চরিত্রে কলঙ্ক লেপনের জন্য এ ধরনের হীন অভিযোগ আনা হয়েছে।
আনোয়ার বলেন, "আমার বিরুদ্ধে কিসের অভিযোগ গঠন করা হবে। তারা অনেকদিন ধরেই চেষ্টা করছে কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি।'
এদিকে পেনাং প্রদেশের পারমাতাং পুয়াহ থেকে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আনোয়ার। ১৯৯৯ সালে কারাগারে যাওয়ার আগ পর্যন্ত ১৯৮৮ সাল থেকে তিনি ওই আসনটি থেকে নির্বাচিত হন। এরপর তার স্ত্রী ওই আসনটি ধরে রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24