ভিয়েনা, বৃহস্পতিবার, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত-মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি এগিয়ে নিতে জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছ থেকে পরমাণু চুল্লি পরিদর্শনের অনুমোদন ভারত শুক্রবারেই পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করা দেশ ভারতকে বেসামরিক পরমাণু চুক্তির মধ্য দিয়ে পুরস্কৃত করা নিয়ে বিতর্কের মধ্যেও আইএইএ সম্ভবত ওই পথে এগুচ্ছে।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পরমাণু চুক্তি কার্যকর করার শর্ত হিসেবে ভারতের ২২টি পরমাণু চুল্লির মধ্যে ১৪টি পরিদর্শনের যাওয়ার সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসছে আইএইএ এর বোর্ড অব গভর্নরস।
বৈঠকে ওই পরিকল্পনা গৃহীত হলে পরবর্তী পদক্ষেপে ভারতকে পরমাণু চুক্তিতে ৪৫ জাতি 'নিউক্লিয়ার সপ্লাই গ্র"প' (এনএসজি)'র অনুমোদন পেতে হবে। তারও পরে চুক্তিটি কার্যকর হওয়ার জন্য এতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন পড়বে।
চুক্তি প্রশ্নে এনএসজি' এর প্রথম বৈঠক ২১ কিংবা ২২ আগস্টে হবে বলে মনে করা হচ্ছে। এনএসজি'এর মঞ্জুরির জন্য ইতোমধ্যেই লবিং শুরু করেছে ওয়াশিংটন ও নয়াদিল্লি। নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগেই চুক্তিটি যথাসম্ভব এগিয়ে নিতে চাইছে দুপক্ষ।
ভারত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর না করায় এবং ভবিষ্যতে আরও পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোয় বাধা না থাকায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের বিষয়টি বিতর্কিত। কিন্তু এই বিতর্কের মধ্যেও আইএইএ বোর্ড অব গভর্নরস চুক্তিটি এগিয়ে নেওয়ায় সহায়তা করতে প্রস্তুত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ ঘ.
bdnews24