ওয়াশিংটন, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগের চেয়ে অনেক বেশি সংখ্যক পাকিস্তানি যোদ্ধা এখন আফগানিস্তানে সক্রিয় হচ্ছে। আগে যেসব পাকিস্তানি শুধু দেশের অভ্যন্তরে আর কাশ্মীরে সক্রিয় ছিল তাদের একটা বড় অংশ এখন আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আফগানিস্তানে লড়াই করতে আসা এসব যোদ্ধাদের মধ্যে কাশ্মীর সীমান্তে বছরের পর বছর ভারতীয় সেনাদের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা সম্পন্ন গেরিলারাও রয়েছে। এছাড়া পাকিস্তানের কেন্দ্রীয়ভাবে শাসিত আদিবাসী এলাকার বিদ্রোহিরাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে পাকিস্তানি যোদ্ধাদের এ জোয়ার আরব, উজবেক, চেচেনসহ অন্যান্য বিদেশী যোদ্ধাদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। পাকিস্তানের অভ্যন্তরে বড় বড় হামলার ঘটনা কমে যাওয়ার সঙ্গে এ হার বাড়ার সম্পর্ক থাকতে পারে বলেও মনে করছেন তারা। লাল মসজিদ হামলা এবং গত ডিসেম্বরে সাবেক প্রধন্মন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অভ্যন্তরীন সহিংসতার চরমে পৌঁছেছিল পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের উর্ধতন সেনা কর্মকর্তাসহ অনেক কর্মকর্তারাই পাকিস্তানি যোদ্ধাদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু বিষয়টির সঙ্গে গোপন গোয়েন্দা তথ্য সম্পৃক্ত থাকায় নাম প্রকাশ না করতে রাজি হননি তারা।
এক কর্মকর্তা বলেন, "আমরা যখন আফগানিস্তানে বিদেশি যোদ্ধাদের বিষয়ে কথা বলি তখন তাদের বেশিরভাগই পাকিস্তানি"।
তিনি আরও বলেন, "আগে পাকিস্তানের অভ্যন্তরে সক্রিয় ছিল এবং এখন আফগানিস্তানে লড়াই করছে এমন যোদ্ধাদের সংখ্যা বেড়েছে। এ হার বৃদ্ধির সংখ্যা উদ্বেগজনক"।
আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ওপর ক্রমাগত হামলা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭২৪ ঘ.
bdnews24