কুয়ালা লামপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা করছেন মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদলের উদ্যোগ অক্ষুন্ন রাখার চেষ্টায় তিনি এ পরিকল্পনা করছেন। আনোয়ারের দল পিপল'স জাস্টিস পার্টি মঙ্গলবার একথা জানিয়েছে।
পিপল'স জাস্টিস পার্টির মুখপাত্র তিয়ান চুয়া জানান, সমকামিতার অভিযোগ তদন্তের মুখে থাকা আনোয়ার ইব্রাহিম পার্লামেন্ট নির্বাচনে কুলিম বান্দার বাহারু অথবা বান্দান তুন রাজাক আসনে প্রার্থী হতে পারেন। সমকামিতার অভিযোগ অস্বীকার করে আনোয়ার বলেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যই তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।
চুয়া জানান, মার্চের নির্বাচনে কুলিমের আসনে পিপলস জাস্টিস পার্টি'র এক প্রার্থী নির্বাচিত হন। তবে ক্ষমতাসীন 'ইউনাইটেড মালয়াস ন্যাশনাল পার্টি' (ইউএমএনও) চায় ২০০৪ সালের নির্বাচনের পর ওই প্রার্থী আয়-ব্যয়ের হিসেব দাখিল না করায় আদালত তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করুক।
চুয়া বলেন, "আসনটি ফাঁকা হলে কোনও একজনকে সেখানে প্রার্থী হতে হবে এবং সে-ই পার্লামেন্টে যাবে।" তিনি সেইসঙ্গে জানান, আদালতে ওই মামলার শুনানির দিন ১৯ আগস্ট ধার্য করা হয়েছে।
আনোয়ারের নেতৃত্বে মালয়েশিয়ার বিরোধীদলীয় জোট ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন দলকে পরাজিত করে গত মার্চের নির্বাচনে জয়ী হয়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাজনৈতিক নেতাদের কেলেঙ্কারির ফলে মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। অন্যদিকে, আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগের কারণে বিরোধীদলের উত্থানও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার ফলে ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত কোনও নির্বাচনে অংশ নিতে পারেননি আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সাবেক এই উপ-প্রধানমন্ত্রীকে ১৯৯৮ সালে দুর্নীতি এবং সমকামিতার অভিযোগে বরখাস্ত করেন এবং জেলে পাঠান তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ। পরে ২০০৪ সালের সেপ্টেম্বরে আনোয়ার জেল থেকে মুক্তি পান। স
bdnews24