জেরুজালেম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সোমবার পার্লামেন্টে বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে এ বছর সীমান্ত, নিরাপত্তা এবং শরণার্থী নিয়ে আংশিক চুক্তি হলেও জেরুজালেম প্রশ্নে কোনও চুক্তি হবে না। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
এর আগে এ মাসেই ওলমার্ট বলেছিলেন, ইসরায়েল-ফিলিস্তিন চুক্তির এতো কাছাকাছি এর আগে কখনও পৌঁছেনি। ঘুষ দুর্নীতির অভিযোগে পুলিশী তদন্ত এবং পদত্যাগের চাপের মুখেও ওলমার্ট শান্তির সম্ভাবনা নিয়ে কথা বলছেন।
ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, "ওলমার্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্ত নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ফিলিস্তিনি শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে একটি যৌথ দলিলের ব্যাপারে একমত হওয়ার আশা করছেন।" কিন্তু কণ্টকাকীর্ণ ইস্যু জেরুজালেম তিনি বাদ দিয়ে রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা ওলমার্টের উদ্ধৃতি দিয়ে বলেন, "এ বছর শেষের আগে জেরুজালেম প্রশ্নে কোনও চুক্তিতে পৌঁছা সম্ভব বলে আমি মনে করি না। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে চুক্তি হতে পারে। কারণ ওইসব ইস্যুতে মতবিরোধ খুব বেশি নয়।"
ওদিকে, জেরুজালেম প্রসঙ্গে প্রেসিডেন্ট আব্বাসের মুখপাত্র ফিলিস্তিনের নাবিল আবু রুদেইনাহ বলেছেন, "জেরুজালেম ফিলিস্তিনিদের জন্য 'রেডলাইন'। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য জেরুজালেমের অর্ধেকটা রাজধানী হিসাবে চায়। জেরুজালেমকে বাদ দিয়ে ফিলিস্তিন কোনও চুক্তি মানবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ঘ.
bdnews24