বেলগ্রেড, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বসনিয়া যুদ্ধের শীর্ষ যুদ্ধাপরাধী রাদোভান কারাদিচ হেগের জাতিসংঘ ট্রাইবুনালে তাকে হস্তান্তর পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন। তার ভাই রোববার একথা জানিয়েছেন।
১৯৯২-৯৫ সালের বসনিয়া যুদ্ধে সেখানকার সার্বদের নেতা কারাদিচ দুই দফায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হন। ১১ বছর আত্মগোপনে থাকার পর সার্বিয়া তাকে গ্রেপ্তারে সক্ষম হয় এবং বর্তমানে বেলগ্রেডের একটি কারাগারে আটক রয়েছেন তিনি।
কারাদিচ আপিল করবেন কি না এ বিষয়টি নিয়ে তার আইনি সহায়তা দল গত কয়েকদিন ধরেই একটা অস্পষ্টতা তৈরী করে রেখেছিল। অবশ্য আপিল করার জন্য শুক্রবার মধ্যরাত পর্যন্ত সময় রয়েছে তাদের।
তবে এ বিষয়ক অস্পষ্টতা দূর করে কারাদিচের ভাই লুকা রোববার নিশ্চিত করেন যে, "অবশ্যই আমরা আপিল করেছি, (আইনজীবী) ভেতোজার ভুজাচিচ এ আপিল দাখিল করেন।"
তবে তিনি আরও জানান যে, "এটা কোথায় থেকে পাঠানো হয়েছে কিংবা এটা কখন বিশেষ আদালতে পৌঁছাবে তা আপনাদের বলতে পারছি না আমি।"
আপিলের প্রক্রিয়াটিকে বিলম্বিত করার জন্য এর কাগজপত্র ডাকযোগে পাঠানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আদালতে আপিল গ্রহণ করা হলে এ বিষয়ে রায় দেওয়ার জন্য তিনদিন সময় পাবেন বিচারকরা। হস্তান্তর বিলম্বিত করার ওই আপিল বিচারকরা নাকচ করে দেওয়ার অর্থ হবে কারাদিচকে জাতিসংঘ ট্রাইবুনালে হস্তান্তরের বিষয়টিতে সার্বিয়ার সরকারে আনুষ্ঠানিক অনুমোদন। সেক্ষেত্রে প্রায় তাৎক্ষণিকভাবেই তাকে হস্তান্তর করতে পারবে সরকার।
আইনগত প্রক্রিয়া অনুযায়ী, আদালত ইচ্ছে করলে কারাদিচের আপিল মঞ্জুর করতে পারে। কিন্তু সার্বিয়ার কর্মকর্তারা বলছেন, তাকে হেগের জাতিসংঘ ট্রাইবুনালে হস্তান্তরের বিষয়টি সার্বিয়ার ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির অন্যতম শর্ত হিসেবে বিবেচিত হওয়ায় তেমন সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১০ ঘ.
bdnews24