ওয়ানা, পাকিস্তান, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের ওয়াজিরিস্থানে সোমবার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সন্দেহ করা হচ্ছে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনী এ হামলা চালিয়েছে। গোয়েন্দা কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছেন।
নিহতদের মধ্যে তিনজনকে সন্দেহভাজন বিদেশি বিদ্রোহী বলে ধারণা করা হচ্ছে। হামলার ঘটনাটি আফগানিস্তানের সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্থানের পশ্চিম ওয়ানা এলাকার আজম ওয়ারসাক গ্রামের কাছে ঘটেছে।
ওই অঞ্চলের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, "ভোর চারটায় একটি বাড়িতে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, এতে কমপক্ষে ছয়জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।"
নাম প্রকাশ না করার শর্তে অন্য এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে তিনজন বিদেশি এবং তিনজন স্থানীয় আদিবাসী।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, তারা বিমানের ইঞ্জিনের গর্জন শুনতে পেয়েছে। তাদের ধারণা মার্কিন বিমান থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
স্থানীয় আদিবাসী বাসিন্দা জিয়া-উর-রহমান বলেন, "বিস্ফোরণের আগে আমরা বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পেয়েছি।"
পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে তিনি খুব সামান্যই জানেন।
সেনাবাহিনীর ওই মুখপাত্র বলেন, "হামলার ঘটনা ঘটেছে। তবে এটা ক্ষেপণাস্ত্র, রকেট না বোমা বিস্ফোরণ তা আমরা জানি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪০০ ঘ.
bdnews24