গাজা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হামাস শনিবার গাজা উপত্যকা থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ দলের ১২০ সদস্যকে আটক করেছে। হামাস এবং ফাতাহ কর্মকর্তারা একথা জানিয়েছেন।
শুক্রবার গাজায় এক বিস্ফোরণে হামাসের পাঁচ বন্দুকধারী এবং একটি মেয়ে নিহত হওয়ার পর হামাস এ অভিযান চালায়।
হামাসের ব্যবহৃত একটি গাড়ির কাছে ওই বিস্ফোরণটি ঘটে। হামাস কর্মকর্তা এবং চিকিৎসকরা জানান, বিস্ফোরণস্থলেই হামাসের তিন বন্দুকধারী এবং একটি মেয়ে নিহত হয়। অন্য দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
হামাস একবছর আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণাধীন ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নিলে হামাস এবং ফাতাহ'র মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ওই বিস্ফোরণের জন্য হামাস ফাতাহকে দায়ী করেছে। তবে ফাতাহ এ অভিযোগ অস্বীকার করে বলেছে এটা হামাসের অন্তর্কলহের অংশ।
হামাসের এক শীর্ষ স্থানীয় নেতা খলিল আল-হায়া বলেন, " আমাদের কাছে তথ্য রয়েছে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে হামাস এবং হামাসের নেতাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছে।" উল্লেখ্য ওই বিস্ফোরণে হামাসের এই নেতার ছেলেও আহত হয়েছে।
অন্যদিকে ফাতাহ এক বিবৃতিতে জানিয়েছে, "ওই ঘটনার সঙ্গে ফাতাহ'র কোনো যোগসাজশ নেই। এটা হামাসের অন্তর্কলহের অংশ।"
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "হামাসের অভ্যন্তরীণ কলহকে ধামাচাপা দেওয়ার জন্যই বিস্ফোরণের জন্য ফাতাহকে দায়ী করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫৪৮ ঘ.
bdnews24