লন্ডন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বার্লিন, প্যারিসের পর শনিবার লন্ডন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা। লন্ডন সফরের মধ্য দিয়েই ওবামা তার ইউরোপ সফরের ইতি টানবেন।
এর আগে আফগানিস্তান, ইরাক, কুয়েত, জর্ডান, ইসরায়েল এবং পশ্চিম তীর সফর করেন তিনি।
তবে, বার্লিন এবং প্যারিসের মতো অতো সরব হবে না বারাক ওবামার লন্ডন সফর। বার্লিন সফরে ওবামা ব্রান্ডেনবার্গ গেইটে যে সভা করেন তাতে প্রায় ২ লাখ লোকের সমাগম ঘটে। এছাড়াও প্যারিস সফরেও তিনি ব্যাপক সংবর্ধনা পান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে এলিসি প্রাসাদে সাক্ষাৎ করেন এবং এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
লন্ডন সফরে যুক্তষ্ট্রের এই প্রেসিডেন্ট প্রার্থী ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে প্রাত:রাশে অংশ নেবেন। এরপর তিনি বর্তমান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে তার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করবেন এবং একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
এই সফরে বারাক ওবামা বিট্রেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন বরাবরই সমালোচনা করে আসছেন যে, ডেমোক্র্যাট প্রার্থী ওবামা পররাষ্ট্র বিষয়ে দক্ষ নয়। ওবামা এই বিদেশ সফরের মধ্য দিয়ে তার পররাষ্ট্র বিষয়ক ইমেজ কাটিয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৫৩ ঘ.
bdnews24