কাঠমান্ডু, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার তিব্বতি শরণার্থীরা একটি চীনা কনসুলার অফিসে হামলার চেষ্টা করলে পুলিশ বৌদ্ধ ভিক্ষুসহ ১২৫ জনকে আটক করেছে। পুলিশ এ কথা জানিয়েছে।
প্রায় ২০ হাজার তিব্বতি নেপালে বসবাস করছে। তিব্বতের স্বাধীনতার দাবিতে তারা প্রায়ই কাঠামান্ডুতে বিক্ষোভ করে থাকে। গত মার্চে তিব্বতে চীনের অভিযানের পর থেকে তাদের প্রতিবাদ বিক্ষোভ আরও বেড়েছে।
নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' গত বৃহস্পতিবার জানিয়েছে, চীনের চাপের মুখে নেপাল তিব্বতিদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। বিক্ষোভের সময় পুলিশ যথেচ্ছা আটক করছে এবং আটককৃতদের ওপর নির্যাতন করা হচ্ছে।
তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং।
বিক্ষোভকারীরা জানিয়েছে, তাদের দাবি তিব্বতের স্বাধীনতাকামীদের ওপর দমন-পীড়ন এই মুহূর্তে বন্ধ করতে হবে এবং তিব্বতের রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে।
তবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত সবাইকে শুক্রবার সন্ধার পরে ছেড়ে দেওয়া হবে।
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, গত ১০ মার্চ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে কমপক্ষে ৮ হাজার ৩৫০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেককে আটক করা হয়েছে একাধিকবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৫ ঘ.
bdnews24