জাতিসংঘ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের মানবাধিকার সংস্থার নতুন প্রধান নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। তার নাম নাভানাথেন পিল্লাই। তিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন তার নাম ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ আদালতের এই বিচারপতিকে মানবাধিকার সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দিল জাতিসংঘ। অবশ্য গর্ভপাত সম্পর্কে পিল্লাই'র দৃষ্টিভঙ্গি এবং অন্যান্য বিষয়ে দ্বিমত থাকায় যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে তাকে নিয়োগের প্রতিবাদ করলেও পরে বিরোধিতা না করে বিষয়টি মেনে নেয় বলে জানিয়েছেন জাতিসংঘের কূটনীতিক এবং কর্মকর্তারা।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান হিসেবে পিল্লাইকে নির্বাচিত করার পর সংস্থাটির মুখপাত্র মিশেলে মন্তাজ জানান, জাতিসংঘ মহাসচিব বান কি মুন আশা করছেন পিল্লাই "তার কার্যালয়ের স্বাধীনতা রক্ষা করবে এবং সাধারণ পরিষদ এবং মানবাধিকার পরিষদের মধ্যে কার্যকর ভাবে সমন্বয় পালন করবেন।"
মন্তাজ আরও জানান, সোমবারের সাধারণ পরিষদে পিল্লাইয়ের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে সংস্থাটির কূটনীতিক এবং কর্মকর্তারা জানিয়েছেন, পিল্লাই'র নিয়োগ বাতিল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।
এর আগে জাতিসংঘের ওই সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কানাডার লুইস আরবার। এই জুনে তার মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার আগে মার্চে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন তাকে দ্বিতীয় দফায় সংস্থাটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।
জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত জালমে খালিজাদ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় পিল্লাইকে অভিনন্দন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪২৫ ঘ.
bdnews24