জুলাই, ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সাউথ টেক্সাস উপকূলে বুধবার আঘাত হেনেছে হারিকেন ডলি।
বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৯৫ মাইল। সঙ্গে ছিল ভারী বর্ষণ। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে এই ভারী বর্ষণের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
আটলান্টিক হারিকেন মৌসুমে এ বছর হারিকেন ডলি যুক্তরাষ্ট্রে ২য় শক্তিশালী ঘূর্ণিঝড়। এ ঝড়ের প্রথম কয়েক ঘন্টাতেই ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। সাউথ পাদ্রে আইল্যান্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র এই ঝড়ে উপড়ে গেছে গাছ, বাড়িঘরের ছাদ, বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট।
প্রচুর বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি জায়গায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টেক্সাসের এক আবহাওয়া কর্মকর্তা এই আশঙ্কার কথা জানিয়েছেন।
হারিকেন ডলি ক্যাটাগরি ২ ঝড়ে রূপ নিয়ে আঘাত হানে সাউথ পাদ্রে আইল্যান্ডে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১০০ মাইল। তবে কিছুক্ষণ পরই তা দুর্বল হয়ে ক্যাটাগরি ১ ঝড়ে পরিণত হয়। জাতীয় হারিকেন সেন্টার একথা জানিয়েছে।
তারা আরও জানায়, ঝড়টি এরপর আরও দুর্বল হয়ে পড়বে। এ ঝড়ের প্রভাবে সাউথ টেক্সাস ও উত্তরপূর্বাঞ্চলীয় মেক্সিকোর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯৩৩ ঘ.
bdnews24