২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্পিকার সোমনাথকে দল থেকে বহিস্কার

আস্থাভোটে মনমোহন সরকারকে হটাতে ব্যর্থ হয়ে স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে বুধবার দল থেকে বহিস্কার করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম)। তবে দল থেকে বহিস্কার হলেও তিনি স্পিকার পদ হারাবেন না। তার বিরুদ্ধে দলের অভিযোগ: নির্দেশ সত্ত্বেও পদত্যাগ না করে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 05:54 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

নয়া দিল্লি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আস্থাভোটে মনমোহন সরকারকে হটাতে ব্যর্থ হয়ে স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে বুধবার দল থেকে বহিস্কার করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম)। তবে দল থেকে বহিস্কার হলেও তিনি স্পিকার পদ হারাবেন না। তার বিরুদ্ধে দলের অভিযোগ: নির্দেশ সত্ত্বেও পদত্যাগ না করে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সিপিআই-এম এর পলিট ব্যুরোর সদস্য এমকে পাণ্ডে বলেন, "সোমনাথ চ্যাটার্জিকে বহিস্কারের বিষয়ে পলিট ব্যুরো সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।" ৭৯ বছর বয়সী সোমনাথ ভারতীয় পার্লামেন্টে প্রথম বাঙ্গালি স্পিকার। তিনি দশবার এমপি নির্বাচিত হয়েছেন। স্পিকারের মতো শীর্ষ পদে থাকা একজন সদস্যকে দল থেকে বহিস্কারের ঘটনাও ভারতের রাজনীতিতে এই প্রথম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক-পরমাণু চুক্তি নিয়ে সরকার থেকে বেরিয়ে যাওয়ার পর সিপিআই-এম চাইছিল তিনিও স্পিকারের পদ ত্যাগ করুন। দলের নীতি অনুসরণ করে সরকারের বিরোধিতা করুক। এ নিয়ে গত দুই সপ্তাহ তিনি বিস্তর চাপে ছিলেন। কিন্তু স্পিকারের দায়িত্ব দলীয় রাজনীতির হিসেব-নিকেশের বাইরে এই যুক্তি দেখিয়ে সোমনাথ পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বাম ফ্রন্টের চেয়ারম্যান এবং দলে গত ৫০ বছর ধরে সোমনাথের সহকর্মী বিমান বসু বলেন, "দলের নিয়মনীতি মেনে চলতে আমরা বাধ্য। যিনি দলের নিয়ম মানবেন না, তার সঙ্গে দল কোনো সম্পর্ক রাখতে পারে না। আমাদের দলের সদস্য হিসেবে তিনি স্পিকার থাকতে পারেন না।" তিনি এও বলেন, 'সোমনাথ চট্টোপাধ্যায় হয়তো ভারতের সংবিধান মেনেই কাজ করেছেন। তবে আমাদের দলেও একটি সংবিধান আছে। আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি।" তবে সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রখ্যাত বিচারক সোলি সোরাবজি জানিয়েছেন, দল থেকে বহিস্কারের পরও সোমনাথ চ্যাটার্জি লোকসভার স্পিকার থাকবেন।" তিনি বলেন, "লোকসভাই তাকে স্পিকার নির্বাচিত করেছে। তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে স্পিকার হননি। কাজেই তিনি স্পিকার পদে বহাল থাকবেন।" মঙ্গলবার আস্থাভোটে টিকে যায় মনমোহন সরকার। ৫৪৩ আসনের পার্লামেন্টে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পায় ২৭৫ ভোট। অন্যদিকে, বিপক্ষে পড়ে ২৫৬ ভোট। আস্থাভোটে জয়ী হয়ে আগাম নির্বাচন থেকে রক্ষা পেল ইউপিএ জোট। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে সরাকরের এগিয়ে যাওয়ার পথও প্রশস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২৩৪২ ঘ.