জেরুজালেম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার সফরের প্রাক্কালে জেরুজালেমের ব্যস্ত রাস্তায় বুলডোজার দিয়ে কয়েকটি যানে আঘাত হেনেছে এক ফিলিস্তিনি। এতে অন্ততপক্ষে ১৬ জন আহত হয়। পুলিশ পরে বুলডোজার ড্রাইভারকে গুলি করে হত্যা করে।
জেরুজালেমে ৩ সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বুলডোজার হামলার ঘটনা। প্রথম বুলডোজার হামলাটি হয়েছিল ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠক চলার সময়।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, বুলডোজার ড্রাইভার অধিকৃত পশ্চিম তীরের এক ফিলিস্তিনি। ওই ফিলিস্তিনি রাস্তা মেরামতের কাজে নিয়োজিত থাকার সময় বুলডোজার দিয়ে পথচারী এবং কয়েকটি বাস, কারে আঘাত হানে।
বুলডোজার হামলার ২য় ঘটনাটিও অনেকটা একইরকম। পুলিশের এক মুখপাত্র জানান, বুলডোজার ড্রাইভার নির্মাণস্থল ছেড়ে বেরিে এসে দুটো গাড়ি এবং একটি বাসে আঘাত করে। এতে ১৬ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলার দায় কেউ স্বীকার করেনি। মঙ্গলবার ওবামার জেরুজালেম পৌঁছার আগে আগে দিয়ে এ হামলা সংঘটিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ঘ.
bdnews24