২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানি প্রেসিডেন্টের বিরুদ্ধে পদক্ষেপ স্থগিত করতে পারে জাতিসংঘ: রাশিয়া

আন্তর্জাতিক অপরাধ আদালতে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে উত্থাপিত যুদ্ধাপরাধের অভিযোগ গঠন সাময়িকভাবে স্থগিত করতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাশিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

জাতিসংঘ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক অপরাধ আদালতে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে উত্থাপিত যুদ্ধাপরাধের অভিযোগ গঠন সাময়িকভাবে স্থগিত করতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাশিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত সোমবার একথা জানিয়েছেন। এর আগে আফ্রিকান ইউনিয়ন বশিরের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং গ্রেপ্তারি পরোয়ানা দাবি করে আইসিসি'র প্রধান কৌসুলির আবেদন স্থগিত করার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। আইসিসি'র প্রধান কৌসুলি বশিরের বিরুদ্ধে দারফুরে গণহত্যা চালানোর দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। ওদিকে, আরব লীগও বিশেষ সম্মেলনের পর বশিরের বিরুদ্ধে আইসিসি'র অভিযোগ গঠন বন্ধের আহ্বান জানায় এবং জাতিসংঘকে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিতে বলে। সুদান বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন সাংবাদিকদের বলেন, "তাদের আবেদনের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত।" আন্তর্জাতিক অপরাধ আদালত সনদের 'আর্টিকেল-১৬' অনুযায়ী নিরাপত্তা পরিষদ আইসিসি'র যে কোনো তদন্ত এক বছর সময় সীমা পর্যন্ত স্থগিত রাখার ক্ষমতা রাখে। এই বিষয়ে চুরকিন বলেন, "আর্টিকেল-১৬ অনুযায়ী কিছু করার উদ্যোগ নেয়ার বিষয়টি বিবেচনার দাবিদার।" তবে আইসিসি'র পদক্ষেপ স্থগিত করার উদ্যোক্তা হিসেবে রাশিয়া এগিয়ে আসবে না বলেও চুরকিন জানান। এ বিষয়ে তিনি বলেন, "এটা একটা বিশেষ বিষয়, এর সঙ্গে পূর্ব আফ্রিকার শান্তিরক্ষার বিষয়টি এবং সুদানের ভবিষ্যত জড়িত।" অভিযোগপত্রে বলা হয়েছে, দারফুরের সহিংসতায় প্রায় ৩৫ হাজার লোককে হত্যা এবং ২৫ লাখ লোককে বাস্তুচ্যুত করার জন্য দায়ি প্রেসিডেন্ট বশির। এছাড়াও, ১ লাখ লোককে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্যও তাকে দায়ি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪০৪ ঘ.