কলম্বো, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সার্ক সম্মেলনকে ঘিরে অস্ত্রবিরতি পালন করার ঘোষণা দিয়েছে শ্রীলংকার 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিইি)। মঙ্গলবার এক বিবৃতিতে এলটিটিই জানায়, আগামী ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত রাজধানী কলম্বোয় অনুষ্ঠেয় ১৫তম সার্ক সম্মেলনের সময় সেনাবাহিনীর সঙ্গে কোনও সংঘর্ষে যাবে না তারা। তবে সরকার টাইগার গেরিলাদের এ ঘোষণা নিয়ে সংশয় প্রকাশ করেছে।
এক ই-মেইল বিবৃতিতে এলটিটিই জানায়, "শুভেচ্ছা প্রকাশ এবং সম্মেলনের সাফল্য কামনা করে আগামী ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় ১৫তম সার্ক সম্মেলনের সময় সেনাবাহিনীর সঙ্গে কোনও সংঘর্ষে না যাওয়ার একপাক্ষিক অস্ত্রবিরতি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত"।
দেশটির সরকার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, গেরিলারা এ বিষয়ক কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি তারা। একইসঙ্গে তাদের এ ঘোষণা সম্পর্কে সতর্ক থাকার জন্যও আহ্বান জানিয়েছে সরকার।
শ্রীলংকার শান্তি প্রক্রিয়া সমন্বয় সচিবালয় এর মহাসচিব রাজিব বিজয়সিনহা বলেছেন, "এটা অতীত ইতিহাস থেকে বিবেচনা করতে হবে। শক্তি সঞ্চয়ের জন্য অস্ত্রবিরতি ঘোষণা করার প্রবণতা আছে তাদের।"
তিনি আরও বলেন, "যদি এলটিটিই সন্ত্রাসবাদ ছেড়ে দেয় এবং আলোচনার পথে, স্থায়ী শান্তির পথে এগোয় তাহলে সরকার অবশ্যই আনন্দিত হবে, তবে অতীতে এমন কোনো অভিজ্ঞতা নেই আমাদের"।
ওদিকে, তামিল টাইগারদের এ অস্ত্রবিরতির ঘোষণা কিংবা গেরিলাদের বিরুদ্ধে চলমান অভিযান বন্ধ করা হবে কি না সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সেনাবহিনী।
নরওয়ের মধ্যস্থতায় এলটিটিই'র সঙ্গে সরকারের ২০০২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি এ বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে দেয় সরকার। টাইগাররা যুদ্ধবিরতির নামে কালক্ষেপণ করছে এবং শক্তি সঞ্চয়ের চেষ্টা করছে বলে অভিযোগ করে ওই পদক্ষেপ নেয় সরকার।
শ্রীলংকার উত্তর ও পূর্বাঞ্চলে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৮৩ সাল থেকে শুরু হওয়া এলটিটিই'র সশস্ত্র সংগ্রামে এ পর্যন্ত প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24