নাবলুস, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পশ্চিম তীর থেকে ফিলিস্তিনের এক নারী এমপি এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১৪ ম্যানেজারসহ সেখানকার ২০ ফিলিস্তিনিকে সোমবার আটক করে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। গাজার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি দল হামাসের সঙ্গে জড়িত অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের হাতে আটক পার্লামেন্টের ওই নারী সদস্যর নাম মোনা মনসুর। আটকদের আত্মীয় স্বজন এবং স্থানীয় কর্মকর্তারা আরও জানান, নাবলুসের 'বেইত আলমাল' নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের ১৪ সদস্যকেও আটক করেছে ইসরায়েল। এছাড়াও আরও কয়েকজন স্থানীয় বাসিন্দাকে আটক করেছে তারা।
হামাসের তহবিল জোগাড়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ উত্থাপন করে এই মাসে ওই প্রতিষ্ঠানটি পরিচালিত একটি শপিং মল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। কিন্তু প্রতিষ্ঠানটির পরিচালকরা ওই অভিযোগ অস্বীকার করে পাঁচতলা ওই শপিং মলটি বন্ধ করতে অস্বীকৃতি জানায়।
ইসরায়েলের এক সেনা মুখপাত্র জানিয়েছেন, নাবলুসে "নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে" ১৮ জনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানাননি ওই মুখপাত্র।
পশ্চিম তীরের নাবলুসে সংঘটিত এই ঘটনায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন সরকার ভেঙে দিয়ে পশ্চিম তীরে নিজের নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করে আসছেন প্রেসিডেন্ট আব্বাস। অঞ্চলটির আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর তার অনুগত বাহিনীর আরও নিয়ন্ত্রণ চান আব্বাস।
কিন্তু ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ দলের মধ্যেও দিন দিন অসন্তোষ বাড়ছে।
এ ঘটনায় ইসরায়েল-গাজা যুদ্ধবিরতিতেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০১ ঘ.
bdnews24