২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে অবশ্যই সত্যিকার সিদ্ধান্ত জানাতে হবে: রাইস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, হেলাফেলা করে কিংবা কালক্ষেপণের কৌশল হিসেবে নয় পরমাণু প্রশ্নে ইরানকে অবশ্যই 'সত্যিকার উত্তর' দিতে হবে। এশিয়ার পথে রওনা দেওয়ার আগে সোমবার একথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

শ্যানন, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, হেলাফেলা করে কিংবা কালক্ষেপণের কৌশল হিসেবে নয় পরমাণু প্রশ্নে ইরানকে অবশ্যই 'সত্যিকার উত্তর' দিতে হবে। এশিয়ার পথে রওনা দেওয়ার আগে সোমবার একথা বলেন তিনি। জেনেভায় অনুষ্ঠিত শনিবারের ছয়জাতি আলোচনায় বেঁধে দেওয়া দুই সপ্তাহের সময়সীমার মধ্যে ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত না জানালে দেশটিকে কঠিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ার করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাইস বলেন, "ইরান যদি জবাব না দেয় তাহলে ওই পথে (নিষেধাজ্ঞা) এগোনোর বিষয়ে আমাদের অবস্থান জানান দেওয়ার সবচেয়ে সম্ভাবনাময় অবস্থায় আছি আমরা"। আবু ধাবী হয়ে এশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে রাইস সাংবাদিকদের বলেন, ইরান ইতিবাচক সিদ্ধান্ত না নিলে যুক্তরাষ্ট্র হয়তো আরও দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ইউরোপীয়রাও হয়তো ভেবে দেখবে যে, ইরান বিশ্ব শক্তিগুলোর দাবি মেনে না নিলে তারা কি করতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ইঙ্গিত করে রাইস বলেন, "আসল বিষয়টি হল নিউ ইয়র্কে বসে আমরা কি করতে পারি আমাদের সেটা বিবেচনা শুরু করতে হবে"। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে তিন দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩১ ঘ.