কাবুল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/রয়টার্স)- আফগানিস্তান সফরের দ্বিতীয় দিনে মার্কিন সিনেটর বারাক ওবামা রোববার কাবুলে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন।
নিজের বিদেশ নীতির যথার্থতা যাচাইয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ওবামা বিদেশ সফরের প্রথম দিনে শনিবার আফগানিস্তান পৌঁছান। আফগানিস্তান থেকে তিনি ইরাক, জর্ডান, ইসরয়েল, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সফরে যাবেন।
ওবামা আগে থেকেই প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সমালোচনা করে আসছেন। ২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযানে আফগানিস্তানের তালেবান সরকারের পতনের পর থেকে দেশটি শাসন করছেন মার্কিন মিত্র হিসেবে পরিচিত কারজাই।
গত সপ্তাহে সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে ওবামা বলেন, "আমি মনে করি কারজাই আফগানিস্তানের জন্য এই মুহূর্তে করণীয় সঠিক কাজাগুলো করতে পারছেন না। জনগণের আস্থা অজর্নের জন্য দেশ পুনর্গঠন, বিচার ও নিরাপত্তা বাহিনীকে তিনি শক্তিশালী করতে পারেন নি। সেখানে এখন অনেক সমস্যা।"
তবে ইলিনয়সের সিনেটর ওবামা জানিয়েছেন, তার এই সফরের উদ্দেশ্য সরকারের সমালোচনা করা নয়, তাদের কথা শোনা।
কারজাই ও ইরাকের মালিকি সরকারের জন্য তিনি এই সফরে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন কিনা জানতে চাইলে ওবামা বলেন, "আমি বরং তাদের কথা শুনতেই বেশি আগ্রহী।"
তিনি বলেন, "আমি মনে করি এটা মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি সেখানে যাচ্ছি একজন সিনেটর হিসেবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন। এটা তারই দায়িত্ব।"
এর আগের দিন শনিবার আফগানিস্তানে মার্কিন কমান্ডারদের সঙ্গে সাক্ষাত করেন ওবামা। এ সময় তিনি আফগানিস্তানে আরও বেশি মার্কিন সেনা পাঠানোর আহ্বান জানান।
তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সহিংসতা দমনে অতিরিক্ত সেনা কোনো কাজে আসবে কিনা তা নিয়ে দেশটির আনেকেরই সংশয় আছে।
আফগানিস্তানে আরও দুই ব্রিগেড বা প্রায় সাত হাজার সেনা পাঠানোর আহবান জানান ওবামা। একই সঙ্গে তিনি আফগান যুদ্ধ সম্পর্কে বুশ প্রশাসনের নীতি পরিবর্তনেরও আহ্বান জানান।
আফগানিস্তানে বর্তমানে ৩৬ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে যা ইরাকে মার্কিন সেনার প্রায় এক চতুর্থাংশ। কিন্তু ইরাকের তুলনায় এখনও আফাগানিস্তানে সহিংসতায় প্রতিদিন বেশি মানুষ নিহত হচ্ছে।
তবে আফগানিস্তানের পুনর্বাসন প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশিদার অক্সফাম ইন্টারন্যাশনালের নীতিগত উপদেষ্টা ম্যাট ওয়াল্ডম্যান গত শনিবার বলেন, "আফগানিস্তানে সেনা সংখ্যা বৃদ্ধি বা কমানো সেখানকার স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়ায় কোনো ভূমিকা রাখবে বলে আমি মনে করি না।"
তিনি আরও বলেন, "আফগানিস্তানে পরিস্থিতির উন্নতির জন্য আমার মনে হয় সেনা সংখ্যা বৃদ্ধির চেয়ে আরও গুরুত্বপূর্ণ অনেক পদক্ষেপ নেওয়া যায়।"
তবে পুনর্বাসন প্রক্রিয়ার ধীর গতি, দুর্নীতি রোধ ও দিনে দিনে বৃদ্ধি পাওয়া সহিংসতা বন্ধে আফগান ও বিদেশি সেনাদের ব্যর্থতায় হতাশা বাড়ছে আফগানদের।
কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ মাদানি বলেন, "পরিস্থিতির দিন দিন ভয়াবহ রকম অবনতি হচ্ছে, এমন কি ইরাকের চেয়েও বেশি। এই অবস্থায় আরও বেশি মার্কিন সেনা পাঠালে সহিংসতা বরং বাড়বে।"
তিনি আরও বলেন, "অতিরিক্ত সেনা মোতায়েনের পরিবর্তে মার্কিন সরকারের উচিৎ আফগানিস্তানের অন্যান্য প্রয়োজনের দিকে নজর দেয়া।"
কাবুলের এক বাসিন্দা কারি মোহাম্মদ জামান, "যিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন না কেন তার উচিৎ হবে আফগানিস্তানের বিষয়ে বর্তমান সরকারের নীতি পরিবর্তন করা। তারা বর্তমানে যে নীতি অনুসরণ করছে তা ভুল।"
তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের উচিৎ আফগানিস্তানে নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে নেওয়া। আগামী নতুন সরকার যদি এই দুটি বিষকে প্রাধান্য দিতে পারে তাহলে আমি নিশ্চয়তা দিয়ে পারি আফগানিস্তানে তাদের নীত সফল হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩৫ ঘ.
bdnews24