দামেস্ক, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র বুধবার ইরানের সঙ্গে প্রথমবারের মতো পরমাণু আলোচনার জন্য জেনেভায় দূত পাঠানোর ঘোষণা দিয়ে কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের কথা বলার পর ইরান এই মন্তব্য করল।
তবে ফ্রান্স বলেছে, বিশ্বের শক্তিধর দেশগুলো এখনও চায় পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ইরান সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিক।
কিন্তু দামেস্কয় এক সংবাদ সম্মেলনে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি বলেছেন, "আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইতিবাচক। আমরা গঠনমূলক আলোচনার দিকে তাকিয়ে আছি।" শনিবার জেনেভায় নতুন দফা পরমাণু আলোচনার প্রতি ইঙ্গিত করে মোত্তাকি একথা বলেন।
এ আলোচনায় ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক উইলিয়াম বার্নস, ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পশ্চিমারা তাদের দেওয়া অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ সুবিধার প্যাকেজ প্রস্তাবে ইরানের কাছ থেকে আরও বেশি সাড়া চায়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা বলেছেন, বৈঠকে মার্কিন দূতের উপস্থিতি একটি বাড়তি পাওনা। আর আলোচনার জন্য ইরানের রাজি থাকাটাও উৎসাহব্যাঞ্জক। যদিও ইরান প্রথমে প্যাকেজ প্রস্তাব নাকচ করে দিয়েছিল।
তিনি বলেন, "ভিয়েনায় আমরা এ বৈঠকের উদ্বেধনীর জন্য অপেক্ষা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩২ ঘ.
bdnews24