লন্ডন, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে ৩০ বছরের মধ্যে এই প্রথম তেহরানের অদূরে একটি কূটনৈতিক দপ্তর খোলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। আগামী মাসেই যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার কথা ঘোষণা করবে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র 'দ্য গার্ডিয়ান' পত্রিকার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
পত্রিকাটির প্রথম পাতার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন তেহরানে একটি মার্কিন কল্যাণ কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে। যাকে দূতাবাস খোলার অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কোনো সূত্রের বরাত না দিয়ে পত্রিকাটির ওয়াশিংটন প্রতিনিধি তার প্রতিবেদনে বলেছেন, "তেহরানে যুক্তরাষ্ট্র বিষয়ক কল্যাণ কেন্দ্র স্থাপনের ঘোষণা আগামী মাসেই দেওয়া হবে বলে গার্ডিয়ান জানতে পেরেছে। ইরানে একটি সম্পূর্ন মার্কিন দূতাবাস স্থাপনের পথে এটি একটি অন্তর্বর্তী পদক্ষেপ।" প্রতিবেদনে আরও বলা হয়েছে, " এতে করে ইরানে মার্কিন কূটনৈতিকদের উপস্থিতি থাকবে।"
যুক্তরাষ্ট্রে শীর্ষ স্থানীয় কূটনীতিক উইলিয়াম বার্নস গত সপ্তাহে কংগ্রেসে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে মার্কিন কূটনৈতিক কেন্দ্র খোলার কথা চিন্তা করেছে। তবে এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।"
গার্ডিয়ান যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে একেবারে ব্যতিক্রমী পদক্ষেপ বলে উল্লেখ করেছে। কেননা, জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে বৈরি নীতি পরিচালনা করে আসছেন। সেদিক থেকে ইরানে কূটনৈতিক দপ্তর খোলার পরিকল্পনাটি একেবারেই বিপরীতমুখী পদক্ষেপ।
এ পরিকল্পনা ছাড়াও পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য এ সপ্তাহের শেষে বার্নসকে তেহরান পাঠানোর চিন্তা করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ কূটনৈতিক পন্থায় সমাধানের চেষ্টায় আছে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরানে মার্কিন কূটনৈতিক দপ্তর খোলাকে কূটনীতিকদের তেহরানে উপস্থিত থাকার বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে। যদিও সেখানে তারা অন্য দেশের পতাকাতলে কাজ করবেন।
উল্লেখ্য, ১৯৭৯-৮১ সালে জিম্মি নাটকের পর ওয়াশিংটন তেহরানের দূতাবাস বন্ধ করে দেয়। ওই সময় ইরানি ছাত্রদের একটি বিদ্রোহী দল তেহরানের মার্কিন দূতাবাসের ৫২ জন কূটনীতিককে ৪৪৪ দিন দূতাবাসের ভেতরে জিম্মি করে রাখে।
ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে তেহরান কূটনৈতিক কেন্দ্র পরিচালনা করে আসছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের জন্যই ইরান এই কেন্দ্র পরিচালনা করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪২১ ঘ.
bdnews24