২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বশিরকে গ্রেপ্তারের চেষ্টার নিন্দায় চীনা পত্রিকা

সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি'র প্রধান কৌসুলির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে " আগুনে ঘি ঢালা" বলে মন্তব্য করেছে চীনের একটি শীর্ষস্থানীয় পত্রিকা। এর মধ্য দিয়ে বশিরের বিরুদ্ধে অভিযোগ গঠনে চীনের বিরোধিতা আরও স্পষ্ট হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 08:31 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

বেইজিং, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি'র প্রধান কৌসুলির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে " আগুনে ঘি ঢালা" বলে মন্তব্য করেছে চীনের একটি শীর্ষস্থানীয় পত্রিকা। এর মধ্য দিয়ে বশিরের বিরুদ্ধে অভিযোগ গঠনে চীনের বিরোধিতা আরও স্পষ্ট হল। বৃহস্পতিবার চীনের ক্ষমতাসীন 'চাইনিজ কমিউনিস্ট পার্টি'র পত্রিকা 'দ্য পিপলস ডেইলি' আইসিসি'র পদক্ষেপের এই নিন্দা করেছে। এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের প্রেসিডেন্টের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে। ওই আদালতের প্রধান কৌসুলি লুই মরিনো-ওকাম্পো বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, দারফুরের গণহত্যায় প্রায় ৩৫ হাজার লোককে হত্যা এবং ২৫ লাখ লোককে বাস্তুচ্যুত করার জন্য দায়ী প্রেসিডেন্ট বশির। এছাড়াও, ১ লাখ লোককে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্যও তাকে দায়ি করা হয়েছে। ওদিকে, চীনা কর্তৃপক্ষ মনে করছে, প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় দারফুরের শান্তি প্রচেষ্টা হুমকির মুখে পড়বে। চীনা পত্রিকার মন্তব্যে বলা হয়েছে, "আগুনে ঘি ঢালবেন না।" সেইসঙ্গে আরও বলা হয়েছে, "দারফুর এখন একটি স্পর্শকাতর এবং কঠিন পরিস্থিতিতে রয়েছে।" সুদানের তেল শিল্পের প্রধান বিনিয়োগকারী এবং অস্ত্র সরবরাহকারী চীনও দারফুরে সরকারের সঙ্গে এবং বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। অন্যদিকে, জাতিসংঘ বলেছে, চীন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে আইসিসি'র পদক্ষেপ বন্ধের উপায় খুঁজে বের করা হবে। এছাড়াও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, চীন সরকার আইসিসি'র কৌসুলির পদক্ষেপের জবাব কিভাবে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২০ ঘ.