সিডনি. জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আদিবাসীদের প্রতি অতীতের অন্যায় অবিচারের জন্য অস্ট্রেলিয়া সরকারের ক্ষমা চাওয়ার পদক্ষেপের প্রশংসা করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। বৃহস্পতিবার পোপ বলেন, জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক মেরামতে এ এক সাহসী পদক্ষেপ। এটি বাদবাকী বিশ্বের জন্যও আশার আলো।
'বিশ্ব যুব দিবস' উপলক্ষে ১ লাখ ক্যাথলিক ধর্মানুরাগীকে স্বাগত জানাতে পোপ নৌকায় করে 'সিডনি হার্বার' পাড়ি দেওয়ার সময় তাকে ঘিরে আনন্দ উৎসব করে আদিবাসীরা। পশুর লোমের পোশাক পরে, মুখে রঙ মেখে নেচে-গেয়ে তারা পোপকে স্বাগত জানায়।
পোপ বলেন, "৪০ হাজার বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাসরত আদিবাসীদের প্রাচীন ঐতিহ্য আধুনিক অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক অঙ্গনের অপরিহার্য অংশ।"
প্রধানমন্ত্রী কেভিন রাডের সঙ্গে এক উদ্বোধনী ভাষণে পোপ বলেন, "অতীতে এই আদিবাসীদের প্রতি যে অন্যায় হয়েছে তা অস্ট্রেলিয়া সরকারের স্বীকার করে নেওয়ার সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ। এখন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংহতি স্থাপনের বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।"
"সংহতির এই দৃষ্টান্ত বিশ্বের ওইসব মানুষকে আশান্বিত করবে যারা তাদের অধিকারের এবং সমাজে অবদানের স্বীকৃতির জন্য চেয়ে আছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী রাড ফেব্র"য়ারিতে আদিবাসীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রর্থনা করেন। অস্ট্রেলিয়ায় প্রায় ৪ লাখ ৬০ হাজার আদিবাসী রয়েছে। তারা এ যাবৎ নানা ধরনের বঞ্চনা, বৈষম্য ও সহিংসতার শিকার হয়ে আসছে। তাদের গড় আয়ুও অস্ট্রেলিয়দের চেয়ে ১৭ বছর কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩৩ ঘ.
bdnews24