লেবানন ইসরায়েল সীমান্ত, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---লেবানন যুদ্ধে আটক ও নিহত দুই ইসরায়েলি সেনার দেহাবশেষের বিনিময়ে হিযবুল্লাহর হাতে ৫ লেবাননী বন্দিকে হস্তান্তর করেছে ইসরায়েল। রেডক্রসের মাধ্যমে ইসরায়েল এই বন্দিদের হস্তান্তর করে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির গড়িতে করে সীমান্তে পৌঁছানো মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে সবচে বেশিদিন ইসরায়েলি জেলে আটক থাকা আরব মুজাহিদ সমির কান্তার। তার পরণে ছিল জিনস এবং ধূসর রঙের সোয়েটার। সমির গন্তব্যে পৌঁছামাত্র সাংবাদিক ও শুভাকাঙ্খীরা তাকে ঘিরে ধরে।
হিযবুল্লাহ মুক্তিপ্রাপ্ত ৫ লেবাননীর জন্য বিজয়োচিত সংবর্ধনার আয়োজন করে। ৫ লেবাননীর মধ্যে ৪ জন হিযবুল্লাহ যোদ্ধা আটক হয় ২০০৬ সালের সংঘর্ষে। মুক্তিপ্রাপ্ত ৫ জনকেই বৈরুতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে বড় ধরনের সংবর্ধনা।
প্রেসিডেন্ট মিশেল সুলাইমান, প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরিও মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন। তাদের সৌজন্যে এদিন সরকারি ছুটি দেওয়া হয়েছে।
রেডক্রসের গাড়ি ৫ জনকে সীমান্ত গ্রাম নাকুরার জাতিসংঘ সদরদপ্তরে নিয়ে এসেছে। এখানেই হিযবুল্লাহ এর আগে ইসরায়েলের হাতে দুটি কালো কফিন হস্তান্তর করে।
ইসরায়েল-হিযবুল্লাহ বন্দিবিনিময় চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার সীমান্ত এলাকায় আন্তর্জাতিক রেডক্রসের কাছে দুটি কফিনে করে ওই দেহাবশেষ হস্তান্তর করা হয়।
হিযবুল্লাহ সমর্থিত আল-মানার টেলিভিশনে দেখা গেছে, হিযবুল্লাহর নিরাপত্তা কর্মকর্তা ওয়াফি সাফা এই প্রথম স্বীকার করলেন ইসরায়েলি দুই বন্দি সেনা নিহত হয়েছেন। এর পরেই একটি গাড়ি থেকে কালো রঙের দুটি কফিন নামাতে দেখা যায়।
ওই দুই ইসরায়েলি সেনা এহুদ গোল্ডওয়াসের এবং এলদাদ রেগেভ ২০০৬ সালে ইসরায়েল-হিযবুল্লাহ যুদ্ধের সময় হিযবুল্লার হাতে আটক হয়।
ইসরায়েল সীমান্তে সাফা বলেন, "২০০৬ সালের ১২ জুলাই আটক দুই ইসরায়েলি সেনার দেহবাশেষ আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।"
একইসঙ্গে তিনি বলেন, "ইসরায়েলি পক্ষ এখন মহান আরব মুজাহিদ সামির কান্তার এবং তার সহযোগীদের আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করবে।"
উল্লেখ্য, জাতিসংঘ নিয়োজিত এক জার্মান গোয়েন্দা কর্মকর্তার মধ্যস্থতায় ইসরায়েল কান্তারসহ অন্য চার বন্দিকে মুক্তি দিয়েছে।
চার বছর বয়সী একটি মেয়ে এবং তার বাবাসহ ৪ ইসরায়েলিকে হত্যার অভিযোগে কান্তার ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। ১৯৭৯ সালে একটি ফিলিস্তিনি গেরিলা দল ইসরায়েলে হামলা চালানোর সময় ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
আন্তর্জাতিক রেডক্রস সংস্থা ইসরায়েলি সেনাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ইসরায়েল সীমান্তে বসেই কফিনে রাখা ওই দেহাবশেষ দুটির ডিএনএ পরীক্ষা করেছে।
এই বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে আটক পাঁচ হিযবুল্লাহ গেরিলার মুক্তি ছাড়াও অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে ইসরায়েলি সেনাদের হাতে নিহত প্রায় ২০০ আরবের মৃতদেহ হস্তান্তর করবে ইসরায়েল। একইভাবে হিযবুল্লাহর সঙ্গে যুদ্ধে দক্ষিণ লেবাননে নিহত ইসরায়েলি সেনাদের মৃতদেহ হস্তান্তর করবে হিযবুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমডি/১৫৪০ ঘ.
bdnews24