২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সীমান্তে পশ্চিমা শক্তিবৃদ্ধিতে পাকিস্তানে উত্তেজনা

আফগান সীমান্তে পশ্চিমা সেনা মোতায়েন করে সামরিক শক্তিবৃদ্ধিতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

মিরানশাহ, পাকিস্তান, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান সীমান্তে পশ্চিমা সেনা মোতায়েন করে সামরিক শক্তিবৃদ্ধিতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী এলাকায় পশ্চিমা বাহিনীর নতুন করে শক্তিবৃদ্ধির ফলে পাকিস্তানে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে জোট সেনাদের অভিযানের আশঙ্কা জনমনে আরও জোরদার হয়েছে। পাকিস্তানের আদিবাসী ওই পাহাড়ি এলাকা জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা ও এলাকাবাসী জানিয়েছে, ওয়াজিরিস্তানের লওয়ারা মান্দি গ্রামের বিপরীতে সীমান্তের ওপারে শতশত জোট সেনাকে বিমান বা হেলিকপ্টার যোগে পৌঁছে দেওয়া হয়েছে। ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, "গত রাত (সোমবার) থেকে সেনা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।" সেনাদের পাশাপাশি সামরিক যান ও ভারী অস্ত্রশস্ত্রও সেখানে আনা হচ্ছে বলে তিনি জানান। লওয়ারা মান্দি গ্রামের বাসিন্দা আকমল খান রয়টার্সকে বলেন, "হেলিকপ্টারে করে সেনাদের পৌঁছে দেওয়া হচ্ছে। তারা এখন জিরো পয়েন্টে আছে।" তিনি আরও বলেন, "তবে সেনারা সামনের দিকে অগ্রসর হচ্ছে না।" আফগান সীমান্তে মার্কিন সেনাদের ঘাঁটি ক্যাম্প টিলম্যানের কাছাকাছি এই সেনামোতায়েন করা হচ্ছে। এই ঘাঁটিটি নিয়মিতভাবে জঙ্গিদের মর্টার ও রকেট হামলার শিকার হয়। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস জানিয়েছেন, এটা সম্ভবত জোট বাহিনীর নিয়মিত সেনা মোতায়েনেরই অংশ। গণমাধ্যম অযথা জনমনে ভীতি সঞ্চার করছে। গত সপ্তাহে পাকিস্তানের 'দ্য নিউজ' পত্রিকা জানিয়েছিল, আফগানিস্তানের খোস্ত প্রদেশ ও পাকিস্তানের আদিবাসী এলাকার মধ্যবর্তী স্থানে মার্কিন সেনা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ওই স্থানটি উত্তর ওয়াজিরিস্তানের কাছাকাছি। কাবুলের উত্তরে বারগাম বিমানঘাঁটির এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, সেনা মোতায়েন প্রসঙ্গে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কোনো তথ্য জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১৫ ঘ.