সিডনি, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ সপ্তাহে সিডনিতে পোপ ষোড়শ বেনেডিক্টের সফরকে ঘিরে জারি করা বিক্ষোভ-বিরোধী আইনকে মঙ্গলবার 'অসাংবিধানিক' বলে রায় দিয়েছে অস্ট্রেলিয়ার একটি আদালত।
যৌনতা ও বিয়ের বিষয় নিয়ে ক্যাথলিক চার্চের অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে ওই আইনে ক্যাথলিক-বিরোধী টি-শার্ট পরা কিংবা প্রতিবাদ বিক্ষোভে কনডম বিলি করার অপরাধে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার এবং ৫,৫০০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।
আগামী বৃহষ্পতিবার বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে সিডনিতে ক্যাথলিক যুব সমাবেশে যোগ দেবেন পোপ ষোড়শ বেনেডিক্ট। প্রায় ৩ লাখ ধর্মানুরাগীর উপস্থিতিতে রোববারের বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ওই সমাবেশ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
নাগরিক অধিকার গ্র"পগুলো বলছে, এ আইন বাক স্বাধীনতা বিরোধী এবং এতে পুলিশকে বিক্ষোভকারীদের হয়রানি করার সুযোগ করে দেওয়া হচ্ছে।
সিডনির ফেডারেল কোর্ট মঙ্গলবার এক রায়ে বলেছে, ধর্মানুরাগীদের বিরক্ত করার সঙ্গে সম্পর্কিত ওই আইনটি স্থানীয় রাজ্য পার্লামেন্টের চেতনা বিরোধী।
আইনটিকে চ্যালেঞ্জ করা 'নো পোপ' গ্র"পের র্যাচেল ইভান্স এ প্রসঙ্গে বলেছেন, "এখন অনেক আত্মবিশ্বাস নিয়ে আমরা কনডম ব্যবহার বিরোধী, জন্মনিয়ন্ত্রণ বিরোধী এবং সমকামিতা বিরোধী পোপের নীতিমালার বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করতে পারব।"
ইভান্স বলেন, "আদালত এ রায় দেওয়ায় আমরা আনন্দিত। এতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচারের ক্ষেত্রে আমাদের বাক স্বাধীনতা রক্ষা হয়েছে।"
অস্ট্রেলিয়ায় প্রায় ৫০ লাখ মানুষ নিজেদের ক্যাথলিক বলে পরিচয় দিলেও সেখানে গড়ে ১০ লাখ মানুষও রোববার চার্চে যায় না। এ সংখ্যা দিন দিন আরও কমে আসছে বলেও জানিয়েছেন গবেষকরা।
পোপ জন্মনিয়ন্ত্রণ, কনডম ব্যবহার ও গর্ভপাতের বিরোধী হলেও অস্ট্রেলিয়াতে গর্ভপাত এবং স্টেম সেল গবেষণা বৈধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০৮ ঘ.
bdnews24