বাগদাদ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবায় সেনাবহিনীর রিক্রুটিং কেন্দ্রে দুটি আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। প্রাথমিক খবরে এ হামলায় ২৭ জন নিহত এবং ৬৮ জন আহত হওয়ার কথা বলা হয়েছিল।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহতদের বেশিরভাগই সেনাবহিনীতে যোগ দেওয়া নতুন সদস্য।
দিয়ালা প্রদেশে বিদ্রেহিদের দমনে ইরাক সরকারের নতুন করে অভিযান শুরুর ঘোষণার কদিন পরই এ হামলা চালানো হল।
মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদের ৬৫ কিলোমিটার উত্তরপূর্বে বাকুবায় একটি নিরাপত্তা ঘাঁটির বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা নতুন রিক্রুটদের কাছে গিয়ে আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটালে ২০ জন নিহত এবং ৫৫ জন আহত হয়। অপর একটি আত্মঘাতী হামলায় বাকীরা হতাহত হন।
মার্কিন সেনাবাহিনী আরও জানিয়েছে, এ বছরের শুরু থেকেই দিয়ালা প্রদেশে নিরাপত্তা অভিযান চালাচ্ছে তারা। সেখানে ইরাক সরকারের নতুন অভিযানেও অংশ নেবে মার্কিন বাহিনী।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরাকে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলেও এই বোমা হামলাগুলো আল-কায়েদার হুমকি এখনও রয়েছে তা দেখানোর অপকৌশল হতে পারে।
উত্তর ইরাকে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র মেজর পেজ্জাই কাগেলাইরি বলেন, "এখানে যা ঘটছে তাতে বোঝা যাচ্ছে, শত্র"রা জানে যে, সরকার এবং নিরাপত্তা বাহিনী শক্তিশালী হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৭ ঘ.
bdnews24