ওয়াশিংটন, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কার ম্যাগাজিনের এ সপ্তাহের প্রচ্ছদ করা হয়েছে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলে'র একটি ক্যারিকেচার দিয়ে। ওবামা একজন 'আত্মগোপনকারী মুসলিম' - এমন প্রপাগান্ডার চিত্রিত রূপ বলা যেতে পারে এ ক্যারিকেচারটিকে। (আরও তথ্যসহ)
এতে পাগড়ি আর জোব্বা পরিহিত 'মুসলিম' ওবামা এবং তার 'শ্বেতাঙ্গ বিদ্বেষী' কৃষ্ণাঙ্গ স্ত্রী মিশেলে'কে অস্ত্রধারী অবস্থায় আফ্রিকান সাজে দেখানো হয়েছে। ওবামা শিবিরের পক্ষ থেকে ম্যাগাজিনটির এ প্রচ্ছদকে রুচিহীন ও আক্রমণাত্মক বলে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করা হয়েছে।
ক্যারিকেচারটিতে দেখানো হয়েছে পাগড়ি আর জোব্বা পড়ে ওবামা তার স্ত্রী মিশেলে'র সঙ্গে অর্থপূর্ণ চাহনি দিয়ে মুঠি ঠোকাঠুকি করছেন। ওবামাকে আমেরিকা বিদ্বেষী 'মুসলিম' সাজানোর পাশাপাশি মিশেলেকে এখানে আফ্রিকার সাজ পোশাকে অস্ত্রধারী করে 'শ্বেতাঙ্গ বিদ্বেষী' করে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রচ্ছদে আরও দেখা যায় ওবামা আর মিশেলের পেছনে ফায়ারপ্লেসে একটি মার্কিন পতাকা পুড়ছে। আর তাদের ঘরের দেওয়ালে ফায়ারপ্লেসটির ঠিক ওপরে 'ওসামা বিন লাদেন' বা এমন কোনো মুসলিম 'সন্ত্রাসবাদী'র ছবি টাঙ্গানো রয়েছে।
নিউ ইয়র্কারের প্রচ্ছদের প্রতিক্রিয়ায় ওবামা শিবিরের পক্ষ থেকে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ওবামার নির্বাচনী শিবিরের মুখপাত্র বিল বার্টন এক লিখিত বিবৃতিতে বলেছেন, "নিউ ইয়র্কার ম্যাগাজিন হয়তো ভাবতে পারে যে, ওবামার ডানপন্থী সমালোচকরা তাকে যেভাবে বর্ণনা করতে চায় এই ব্যাঙ্গাত্মক ক্যারিকেচারে হয়তো তাকে সেভাবেই চিত্রিত করা হয়েছে, যেমনটা তাদেরই এক কর্মী আমাদের বলেছে। কিন্তু বেশিরভাগ পাঠকই একে রুচিহীন এবং আক্রমণাত্মক হিসেবে বিবেচনা করবেন। যেমনটা আমরাও করছি।"
ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন বলেছেন, "আমি এটা টিভিতে দেখেছি। আমার কাছে এটাকে পুরোপুরি বেঠিক মনে হয়েছে এবং সত্যিকারই আমার মনে হয়েছে যে সিনেটর ওবামা এবং তার সমর্থকরা এতে আহত হবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২২৪ ঘ.
bdnews24