২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান থেকে ইরানে মার্কিন হামলার বিরোধী কারজাই

আফগানিস্তানের মাটি থেকে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, আফগানিস্তান কোনও দেশে হামলার জন্য তার মাটি ব্যবহার করতে দিতে চায় না। তাছাড়া, একই ধর্ম এবং ভাষাভাষীর প্রতিবেশী দেশ হিসাবে আফগানিস্তান ইরানের বন্ধু হতে চায়। সোমবার রেডিও লিবার্টির সঙ্গে এক সাক্ষাৎকারে কারজাই একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

কাবুল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের মাটি থেকে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, আফগানিস্তান কোনও দেশে হামলার জন্য তার মাটি ব্যবহার করতে দিতে চায় না। তাছাড়া, একই ধর্ম এবং ভাষাভাষীর প্রতিবেশী দেশ হিসাবে আফগানিস্তান ইরানের বন্ধু হতে চায়। সোমবার রেডিও লিবার্টির সঙ্গে এক সাক্ষাৎকারে কারজাই একথা বলেন। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া ইরান আক্রান্ত হলে ওই অঞ্চলের ইসরায়েলি ও মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে। কারজাই বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ২০০১ সালে তালেবান শাসনের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তার সরকার সবসময়ই বিভিন্ন শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের প্রতিক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে রেডিও লিবার্টিকে কারজাই বলেন, "আমরা বিপদ সম্পর্কে সচেতন। কোনও দেশের বিরোধে আফগানিস্তানের রণক্ষেত্র হওয়া উচিত না। কোনও দেশের বিরুদ্ধেই আফগানিস্তান তার ভূখন্ড ব্যবহার হতে দিতে চায় না এবং এক ধর্ম ও ভাষাভাষীর প্রতিবেশী দেশ হিসাবে আফগানিস্তান ইরানের বন্ধু হতে চায়।" কারজাই বলেন, অতীতে তার সরকার তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনায় সহায়তা করেছে এবং দুয়ের মধ্যে বার্তাবাহক হিসাবে কাজ করেছে। উল্লেখ্য, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৩২,০০০ সেনা রয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র কাবুলের জন্য সবচে বড় দাতা দেশ। কিন্তু পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানে সামরিক হামলার সম্ভাবনা যুক্তরাষ্ট্র নাকচ করেনি। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অভিযোগ, তিনি হামলায় আফগান হতাহতের সংখ্যা কমানোর জন্য বারবার বিদেশি বাহিনীকে আফগান বাহিনীর সঙ্গে কাজের সমন্বয়ের আহ্বান জানালেও তা উপেক্ষিত হয়েছে। এ বছরের প্রথম ছয় মাসেই বিদেশি বাহিনীর হামলায় মারা গেছে প্রায় ৭০০ আফগান। জাতিসংঘের হিসাবমতে, এর মধ্যে বিদেশি-আফগান বাহিনীর হাতে নিহত হয়েছে ২৫৫ জন। কারজাই বলেন, "বাস্তবিক অর্থে এ এক বিপর্যয়........ বোমা হামলায় বহু নিরীহ মানুষ মারা যাচ্ছে। ৫ বছর ধরে নিয়মিত এভাবে মানুষ মরছে। আমি জাতিকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য বিদেশি বাহিনীকে রুখে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমি যা চাই এবং জাতি যা আশা করে তা চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না।" আফগানিস্তানে বাড়তে থাকা সহিংসতার কারণে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্কিত প্রতিবেদন এড়িয়ে গেছেন কারজাই। পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, "আফগানিস্তান তার আরেকটি বড় প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্কই পছন্দ করে।" কিন্তু তিনি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীতে কেউ কেউ আছে যারা স্থিতিশীল আফগানিস্তান চায় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৩ঘ.