জোহানেসবার্গ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রবাদ পুরুষ ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা আরও বেশি সৌহার্দের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। যাতে করে এসব সংকট থেকে সৃষ্ট ঘৃণা ও বিভাজনের অবসান হয়।
আগামী ১৮ জুলাই তার ৯০ তম জন্মদিনের প্রাক্কালে বার্ষিক 'নেলসন ম্যান্ডেলা বক্তৃতা' অনুষ্ঠানের আগে শনিবার ম্যান্ডেলা এ আহ্বান জানান। লাইবেরিয়ার প্রেসিডেন্ট ইলেন জনসন-সিরলিফ এ বছর নেলসন ম্যান্ডেলা বক্তৃতা দিচ্ছেন।
ম্যান্ডেলা বলেছেন, "একুশ শতকের শুরুতে এখনও বিশ্বে অনেক বেশি মতানৈক্য, ঘৃণা, বিভাজন, সংঘাত ও সংঘর্ষ রয়ে গেছে।"
শান্তিতে নোবেল বিজয়ী ম্যান্ডেলা ওই অনুষ্ঠানে দেওয়া ভাষণে আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য লাইবেরিয়ার প্রেসিডেন্ট জনসন-সিরলিফের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে এ বিষয়ে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
জনসন-সিরলিফ প্রদত্ত ষষ্ঠ বার্ষিক নেলসন ম্যান্ডেলা বক্তৃতায় আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সেখানে নতুন প্রজন্মের নেতৃত্বকে পথ করে দেওয়ার জন্য ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানান।
২০০৬ সালে আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হওয়ার মর্যাদা লাভ করেন লাইবেরিয়ার ইলেন জনসন-সিরলিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24