হারারে, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ও সহিংসতা নিয়ে জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতাকে শনিবার বর্ণবাদের বিরুদ্ধে জয় বলে অভিহিত করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে শুক্রবার ভেটো দেয় রাশিয়া ও চীন। অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তার প্রশাসনের ১৩ শীর্ষ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।
ব্রিটেন জানিয়েছে, রাশিয়ার ভেটো অযৌক্তিক। তবে রাশিয়া জানিয়েছে, জিম্বাবুয়ের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক হবে না।
এছাড়া চীন ও আফ্রিকার আঞ্চলিক শক্তি দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা জিম্বাবুয়ের ক্ষমতাসীন মুগাবের জানু-পিএফ পার্টি ও বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ-এর মধ্যে শুরু হওয়া সংলাপ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।
জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী সিখানইসো এনডিলভু রয়টার্সকে বলেন, "জাতিসংঘে নিষেধাজ্ঞা প্রস্তাব গৃহীত না হওয়ায় আমরা খুবই খুশি এবং এর বিপক্ষে যারা অবস্থান নিয়েছে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে আন্তর্জাতিক বর্ণবাদ পরাজিত হয়েছে।"
জিম্বাবুয়ের বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই গত ২৭ জুনের নির্বাচনে অংশ নেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশে এবং আন্তর্জাতিক চাপের মুখেও তিনি নির্বাচন স্থগিত করেননি।
এর আগে ২৯ মার্চ প্রথম দফা নির্বাচনে মরগান স্যাঙ্গেরাই জয়ী হন। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মুগাবের জানু-পিএফ সমর্থকরা তার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে দাবি করে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন স্যাঙ্গেরাই।
শিল্পন্নোত দেশগুলোর সংস্থা জি-৮ এর সম্মেলনে গত সপ্তাহে নেতারা জানান, জিম্বাবুয়ের বর্তমান পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন। একই সঙ্গে জণগনের মতামতের প্রতিফলন ঘটাতে ব্যর্থ গত ২৭ জুনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারকে তারা বৈধতা দেবে না বলে জানিয়ে দেওয়া হয় ।
জি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া নেতারা জিম্বাবুয়ের বিষয়টি আলোচনার পর এক বিবৃতিতে বলেন, "জিম্বাবুয়ের বর্তমান পরিস্থিতি ও সহিংসতার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪০ ঘ.
bdnews24