বেইজিং, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী অক্টোবর মাসের মধ্যে পরমাণু প্রকল্প সম্পূর্ণ বন্ধের প্রতিশ্র"তি দিয়েছে উত্তর কোরিয়া। বেইজিংয়ে ছয়জাতি আলোচনায় উত্তর কোরিয়া শনিবার এ প্রতিশ্র"তি দিয়েছে।
গত মাসে উত্তর কোরিয়ার দেওয়া পরমাণু কর্মসূচির তালিকা যাচাইয়ের বিষয়ে বৈঠকে চূড়ান্ত মতৈক্যে পৌঁছাতে পারেনি আন্তর্জাতিক প্রতিনিধিরা। তবে এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেওয়ার জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত মাসে চীনের কাছে পরমাণু কর্মসূচির তালিকা হস্তান্তর করে উত্তর কোরিয়া। কিন্তু ওই তালিকা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি আলোচনার সঙ্গে সম্পৃক্ত যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, উত্তর কোরিয়া ওই তালিকায় তাদের সকল পরামাণু কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য দেয়নি।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি ক্রিস্টোফার হিল সাংবাদিকদের বলেন, "চুক্তির বিষয়টি বেশ জটিল। এতে শুধু বলা হচ্ছে না যে পর্যবেক্ষকদের উত্তর কোরিয়া সফরের সময় কি কি করার অধিকার আছে, বরং আরও উল্লেখ করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শনের সময় তারা কি করতে পারবেন।"
তবে চুক্তিতে পৌঁছানোর জন্য বড় ধরনের কোনো সমস্যা আছে বলে মনে করছেন না হিল।
উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত করতে এই দীর্ঘ প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি কিম সুক। উত্তর কোরিয়া এ পর্যন্ত কয়েকবার প্রতিশ্র"তি ভঙ্গ করেছে উল্লেখ করে তিনি বলেন, কেবল কাজের সহজ অংশটুকুই এখনো পর্যন্ত করা হয়েছে।
সুক বলেন, "এ পর্যন্ত যা অগ্রগতি হয়েছে তাতে আমি আশাবাদী হতে পারছি না। বিশেষ করে যাচাই প্রক্রিয়ার জন্য পারস্পরিক সহযোগিতা ও অবস্থানের দিক দিয়ে আমরা এখনো মতৈক্যে পৌঁছাতে পারছি না।"
তিন দিনের আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ছয়জাতি চুক্ত মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর কোরিয়া তাদের সমস্ত পরামাণু কর্মকাণ্ড বন্ধ করলে সাহায্য হিসেবে তারা এক মিলিয়ন টনের ভারি জ্বালানি সাহায্য পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩৮ ঘ.
bdnews24