২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পার্লামেন্টে আস্থা ভোট ২১ ও ২২ জুলাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তির বিরোধিতা করে সিপিআই-এম এর নেততৃত্বাধীন বামপন্থীরা ভারতের ইউপিএ জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় আগামী ২১ ও ২২ জুলাই পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। দেশটির পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

নয়াদিল্লি, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তির বিরোধিতা করে সিপিআই-এম এর নেততৃত্বাধীন বামপন্থীরা ভারতের ইউপিএ জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় আগামী ২১ ও ২২ জুলাই পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। দেশটির পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী শুক্রবার একথা জানিয়েছেন। মন্ত্রিপরিষদের বৈঠকের পর পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী ভিয়ালার রবি এক সংবাদ সম্মেলনে জানান, "রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বামপন্থীদের এ সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ফলে আগাম নির্বাচন এড়ানোর জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং'কে এখন পার্লামেন্টের আস্থা ভোটে অন্য দলগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন লাভ করতে হবে। একইদিনে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, "আমরা যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবো এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।" প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া একথা জানিয়েছে। বাম মিত্রদের স্থান পূরণ করতে সরকার ইতিমধ্যে আঞ্চলিক দল সমাজবাদী পার্টির (এসপি) সমর্থন জোগাড় করে ফেলেছে। পার্লামেন্টে এসপি'র আসন রয়েছে ৩৯টি। ৫৪৩ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ২৭২ আসন বজায় রাখার জন্য এসপি'র ৩৯টি সহ মোট ৪৬টি আসন প্রয়োজন সরকারের। পার্লামেন্টে কংগ্রেসের আসন সংখ্যা ২২৬। বাম দলগুলোর আসন ছিল ৫৯টি। এক্ষেত্রে পার্লামেন্টে একটি করে আসনের অধিকারী কেরালা কংগ্রেস, মিজো ন্যাশনাল ফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসসহ স্বতন্ত্র চার সাংসদকে দলে টানার চেষ্টা করবে কংগ্রেস। এর মধ্যে মিজোরামের সাংসদ ভনলালজাওনা ও তৃণমূল নেত্রী মততা ব্যানার্জি কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত দেননি। এছাড়া, প্রত্যন্ত হিমালয় অঞ্চল লাদাখ ও মনিপুরের সদস্যদের দিকে নজর রয়েছে কংগ্রেসের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.