বৈরুত, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবানন শুক্রবার জাতীয় ঐক্য সরকার গঠন করেছে। কাতারের মধ্যস্থতায় শান্তি চুক্তির শর্ত অনুযায়ী এই সরকার গঠিত হল। চুক্তির আওতায় হিজবুল্লাহ ও এর মিত্ররা পার্লামেন্টে ভেটো ক্ষমতা পাবে।
সরকার ও বিরোধী উভয়পক্ষের সূত্র জানিয়েছে, মনোনীত প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা শুক্রবার প্রেসিডেন্ট মিখাইল সুলেইমানের সঙ্গে সাক্ষাৎ করার পর ডিক্রি জারি করে নতুন সরকার গঠনের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে লেবাননের পশ্চিমা সমর্থিত সরকার ও ইরান-সিরিয়া সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠন নিয়ে কয়েক সপ্তাহের দরকষাকষির অবসান হল।
সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা সাদ আল হারিরি সাংবাদিকদের বলেন, আমি যতটুকু জানি, সব প্রতিবন্ধকতার অবসান হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা হয়েছে।
গত ২১ মে কাতারের মধ্যস্থতায় শান্তি চুক্তির আওতায় ৩০ সদস্যের মন্ত্রিপরিষদে বিরোধীদের দেওয়া হচ্ছে ১১টি পদ। পার্লামেন্টে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে দুই তৃতীয়াংশের বা ২০ জনের সমর্থন প্রয়োজন হবে।
সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন জোটের ১৬ মন্ত্রী বাদে অবশিষ্ট তিন মন্ত্রিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সুলেইমান। এর মধ্যে আছে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কাতারের মধ্যস্থতায় দোহাতে গত ২১ মে লেবাননের মার্কিন সমর্থিত জোট সরকার এবং সিরিয়া ও ইরান সমর্থিত হিজবুল্লাহ নেতৃত্বাধীন বিরোধীরা একটি চুক্তিতে রাজি হয়। এর মাধ্যমে লেবাননকে নতুন গৃহযুদ্ধের মুখে টেনে আনা দীর্ঘ রাজনৈতিক সংকটের সমাধান হয়। ওই চুক্তির চার দিনের মাথায় সেনাপ্রধান মিশেল সুলেইমান প্রেসিডেন্ট নিযুক্ত হন।
সরকার ও বিরোধী উভয় পক্ষের সূত্র জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি কয়েক দফায় বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার পর জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত অবস্থানে পৌঁছে উভয় পক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১৫ ঘ.
bdnews24