জেরুজালেম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বিরুদ্ধে শুক্রবার প্রতারণার অভিযোগ করেছে পুলিশ। মেয়র পদের জন্য মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়া ছাড়াও বিদেশ সফরের জন্য তিনি একইভাবে তহবিল সংগ্রহের চেষ্টা করেছিলেন কিনা তাও এখন খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
এক মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় প্রধানমন্ত্রী ওলমার্টকে শুক্রবার তৃতীয় বারের মতো জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছে ওই অর্থ লেনদেনের বিষয়ে বিস্তারিত জানতে চায়।
পুলিশ ও বিচারকরা এক বিবৃতিতে জানিয়েছে, "অভিযোগ মতে, জেরুজালেমের মেয়র ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী থাকাকালীন ওলমার্ট একাধিক বিদেশ সফরে রাষ্ট্রীয় বিভিন্ন দফতর থেকে অর্থ গ্রহণ করেন। এর মধ্যে একই সফরের জন্য বিভিন্ন সময় একাধিক প্রতিষ্ঠান থেকে অর্থ নেওয়া হয়।"
পুলিশ সন্দেহ করছে, ওলমার্টের ট্রাভেল এজেন্সি একাধিক খাত থেকে অর্থ নিয়ে অতিরিক্ত অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখে। তার নামেই ট্রাভেল এজেন্সি ওই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করত।
ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হলে ওলমার্টকে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিতে হবে এবং এতে মার্কিন সমর্থিত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ব্যাহত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ বছর ২ মে ইসরায়েলি গোয়েন্দারা সল্প সময়ের নোটিশে প্রধানমন্ত্রী ওলমার্টকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ঘুষ নেওয়ার ওই ঘটনা প্রথমবারের মতো জানাজানি হয়। বিচারক এবং পুলিশ বলছে, ওই ঘটনায় নগদ লাখ লাখ ডলার ঘুষ গ্রহণ করেছেন ওলমার্ট। নব্বই দশকের প্রথমদিক থেকেই ওই লেনদেন শুরু হয়েছিল।
মামলার তথ্য-প্রমাণে সহায়তার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তারা।
মে মাসের ২৭ তারিখে জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্টে মার্কিন ব্যবসায়ী মরিস তালানস্কি বলেন, প্রায় ১৫ বছরে আমি ওলমার্টকে ১ লাখ ৫০ হাজার ডলার দিয়েছি। এর মধ্যে কিছু ঋণও ছিল যা এখনও পরিশোধ করা হয়নি।
তবে ওলমার্ট জানিয়েছেন, ওই মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া অর্থ মেয়র পদের জন্য নির্বাচনী প্রচারাভিযানে বৈধভাবে ব্যয় করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এফএইচবি/এলকিউ/২০৫০ ঘ.
bdnews24