জাতিসংঘ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট রবার্ট মুগাবেসহ অন্যান্য নেতৃত্বের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করা হলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে বৃহষ্পতিবার হুঁশিয়ার করে দিয়েছে জিম্বাবুয়ে। নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে জিম্বাবুয়ের জাতিসংঘ মিশন ওই হুঁশিয়ারি জানায়। (আরও তথ্যসহ)
বিরোধী নেতা মরগান স্যাঙ্গেরাই বয়কট করা সত্ত্বেও গত ২৭ জুন দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করায় প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ মুগাবে এবং তার সরকারের ১৪ জন শীর্ষ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবে।
জিম্বাবুয়ের ওই চিঠিতে বলা হয় দেশটি "নিজের সঙ্গে যুদ্ধাবস্থায়" নেই এবং প্রতিবেশী দেশগুলো কিংবা অন্য কোনো দেশের জন্য কোনো হুমকি তৈরী করছে না তাই তারা নিরাপত্তা পরিষদেও কোনও পদক্ষেপের লক্ষ হতে পারে না।
জিম্বাবুয়ের সংকটকে দেশটির সাবেক ঔপনিবেশিক শাসক ব্রিটেনের সঙ্গে "দ্বিপাক্ষিক ঝগড়া" হিসেবে উল্লেখ করে ওই চিঠিতে বলা হয়েছে, লন্ডন এবং তার মিত্র ওয়াশিংটন জিম্বাবুয়েকে শাস্তি দিতে চায় কারণ, এই দেশের ভূমি সংস্কার পদক্ষেপেরে কারণে অনেক শ্বেতাঙ্গ খামার মালিক জমি হারিয়েছে।
ওই চিঠিতে জিম্বাবুয়েতে সহিংসতার কথা স্বীকার করা হলেও এজন্য দেশটির বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) - কে দায়ী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩৫ ঘ.
bdnews24