নয়াদিল্লি, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন 'ইউপিএ' জোট সরকারের ওপর থেকে 'সিপিআই-এম' নেতৃত্বাধীন বামপন্থী জোটের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। (আরও তথ্যসহ)
বৃহষ্পতিবার রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আস্থা ভোট আয়োজনের আহ্বান জানান। শুক্রবার আস্থা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপতির দপ্তর।
বামপন্থীদের এ সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ফলে আগাম নির্বাচন এড়ানোর জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং'কে এখন পার্লামেন্টের আস্থা ভোটে অন্য দলগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন লাভ করতে হবে।
বাম মিত্রদের স্থান পূরণ করতে সরকার ইতিমধ্যে আঞ্চলিক দল সমাজবাদী পার্টির (এসপি) সমর্থন জোগাড় করে ফেলেছে। পার্লামেন্টে এসপি'র আসন রয়েছে ৩৯টি। ৫৪৩ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ২৭২ আসন বজায় রাখার জন্য এসপি'র ৩৯টি সহ মোট ৪৬টি আসন প্রয়োজন সরকারের। পার্লামেন্টে কংগ্রেসের আসন সংখ্যা ২২৬। বাম দলগুলোর আসন ছিল ৫৯টি।
কংগ্রেসের ঊর্ধ্বতন নেতা ভিরাপ্পা ময়লি বৃহষ্পতিবার বলেছেন, "যথেষ্ট আসন আমাদের আছে এবং মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে খুব সহজেই আস্থাভোট উতরে যেতে পারব বলে আমাদের বিশ্বাস আছে।"
এক্ষেত্রে পার্লামেন্টে একটি করে আসনের অধিকারী কেরালা কংগ্রেস, মিজো ন্যাশনাল ফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসসহ স্বতন্ত্র চার সাংসদকে দলে টানার চেষ্টা করবে কংগ্রেস।
এর মধ্যে মিজোরামের সাংসদ ভনলালজাওনা ও তৃণমূল নেত্রী মততা ব্যানার্জি কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত দেননি।
এছাড়া, প্রত্যন্ত হিমালয় অঞ্চল লাদাখ ও মনিপুরের সদস্যদের দিকে নজর রয়েছে কংগ্রেসের।
রাজনৈতিক বিশ্লেষক অমুলয় গাঙ্গুলি বলেন, "এই সমস্ত ছোট ছোট দল ও স্বতন্ত্র সদস্যদের সমর্থন আদায় করা খুবই কঠিন হবে। কেননা তাদের সবার নিজস্ব আদর্শ ও বিশ্বাস রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫১৭ ঘ.
bdnews24