২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির হত্যা তদন্তে সম্মত জাতিসংঘ : পাকিস্তান

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে 'ভাল বোঝাপড়া' হয়েছে পাকিস্তানের। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বৃহষ্পতিবার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 05:51 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

জাতিসংঘ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে 'ভাল বোঝাপড়া' হয়েছে পাকিস্তানের। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বৃহষ্পতিবার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ) গত বছরের ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডিতে আততায়ীর গুলি ও আত্মঘাতী বোমা হামলায় বেনজির নিহত হওয়ার পর থেকেই ওই ঘটনার জাতিসংঘ তদন্ত দাবি করে আসছে তার দল পাকিস্তান পিপলস পার্টি। বেনজির হত্যাকাণ্ডের কয়েকমাস পরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে এখন পাকিস্তানের জোট সরকারের নেতৃত্বে রয়েছে তার দল পাকিস্তান পিপলস পার্টি। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ মহাসিচব বান কি মুন পাকিস্তানি ও জাতিসংঘ কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আরও আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে জাতিসংঘ তদন্তের প্রস্তাবের বিষয়ে তার মনোভাব ছিল 'ইতিবাচক'। শাহ মাহমুদ কোরেশি বলেন, জাতিসংঘের মাধ্যমে এ আন্তর্জাতিক তদন্তের উদ্দেশ্য হবে, "তাদের বিচারের আওতায় আনার লক্ষ্য নিয়ে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা দুর্বৃত্ত, মদদদাতা, সংগঠক এবং তহবিলদাতাদের খুঁজে বের করা।" কোরেশি বলেন, একটি তদন্ত কমিশন গঠন, কমিশনের প্রকৃতি, এর তহবিল, এর জন্য তথ্য অধিকার নিশ্চিত করা এবং এর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা নিয়ে বৃহত্তর পর্যায়ে ঐকমত্য হয়েছে। তিনি আরও বলেন, "নীতিগতভাবে এ বিষয়ে এগিয়ে যেতে একমত হয়েছি আমরা, তবে এর প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা করতে হবে আমাদের।" জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আক্রাম ওই সংবাদ সম্মেলনে বলেন, বড় বিষয়টি হল এ বিষয়ে বিশ্ব সংস্থাটির 'ইতিবাচক সাড়া'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১১৪৪ ঘ.