২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে জিম্বাবুয়ের সরকার ও বিরোধীদল

সংকট সমাধানে আলোচনায় বসেছে জিম্বাবুয়ের সরকার ও বিরোধীদল। প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ পার্টি ও বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় প্রাথমিক পর্যায়ের আলোচনা বৃহস্পতিবার শুরু হয়েছে। একটি বিরোধী সূত্র এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

হারারে, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংকট সমাধানে আলোচনায় বসেছে জিম্বাবুয়ের সরকার ও বিরোধীদল। প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ পার্টি ও বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় প্রাথমিক পর্যায়ের আলোচনা বৃহস্পতিবার শুরু হয়েছে। একটি বিরোধী সূত্র এ কথা জানিয়েছে। গত ২৭ জুন মুগাবের একপাক্ষিক নির্বাচনের পর থেকে সংকট সমাধানে আলোচনা শুরুর আন্তর্জাতিক চাপের মধ্যে আছে সরকার ও বিরোধী পক্ষ। সহিংসতার অভিযোগ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে নির্বাচন বয়কটের পর থেকে সরকারের সঙ্গে আলোচনার দাবি প্রত্যাখ্যান করে আসছে এমডিসি। এমডিসি নেতা মর্গান স্যাঙ্গেরাই দাবি করে আসছেন গত ২৯ মার্চের প্রথম দফা নির্বাচনে সরকার তাকে বিজয়ী মেনে নিলে এবং চলমান সহিংসতা বন্ধ হলেই কেবল তিনি আলোচনায় বসবেন, তা নাহলে নয়। তবে এমডিসি সূত্র জানিয়েছে, সংকট সমাধানে সরকারের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। ওই সূত্র জানায়, "আমাদের প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকা গেছে। সেখানে জানু-পিএফ পার্টির সঙ্গে আলোচনা হবে। বৃহস্পতিবার থেকেই আলোচনা শুরু হচ্ছে।" তিনি আরও বলেন, "এ থেকে বোঝাই যাচ্ছে কিছু ঘটতে চলেছে। তবে এটা চূড়ান্ত আলোচনা নয়। সমস্যা সমাধানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিৎ, এই আলোচনার ভিত্তিতে তা নির্ধারণ করা হবে।" তিনি আরও বলেন, "আমরা আলোচনা জন্য সেখানে যাচ্ছি। তবে তার আগে আমরা দেখব রাজনৈতিক সহিংসতা বন্ধে আমাদের দাবি পূরণ হয়েছে কিনা। তার পরেই আমরা চূড়ান্ত আলোচনায় বসব।" তবে প্রিটোরিয়া থেকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, উভয় পক্ষই আলোচনায় রাজি হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি জিম্বাবুয়ে সমস্যা সমাধানে মধ্যস্থতার চেষ্টা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৫ ঘ.