২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বলছে ক্যালিফোর্নিয়া, ১০ সহস্রাধিক মানুষকে সরে যাওয়ার নির্দেশ

দাবানলে এখনও জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এক শহর থেকে আরেক শহরে ছড়িয়ে পড়ছে দাবানল। বুধবার দাবানল একটি নদী পেরিয়ে প্যারাডাইজ শহরে ছড়িয়ে পড়ার হুমকি সৃষ্টি হওয়ায় এ শহরের ১০ সহস্রাধিক অধিবাসীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

সান ফ্রান্সিসকো, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দাবানলে এখনও জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এক শহর থেকে আরেক শহরে ছড়িয়ে পড়ছে দাবানল। বুধবার দাবানল একটি নদী পেরিয়ে প্যারাডাইজ শহরে ছড়িয়ে পড়ার হুমকি সৃষ্টি হওয়ায় এ শহরের ১০ সহস্রাধিক অধিবাসীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্যারাডাইস শহরের ওয়েবসাইটে ওই শহরের ম্যানেজার অবিলম্বে অধিবাসীদের বাড়ি-ঘর ছেড়ে সরে যেতে বলেছেন। ২১ জুন থেকে শুরু হওয়া এই দাবানলে পুড়ে গেছে ৪৯,০০০ একর জায়গা, ধ্ববংস হয়ে গেছে অন্ততপক্ষে ৫০ টি স্থাপনা ও ৪০ টি বাড়িঘর। এমাসের শুরুতে ঠান্ডা আবহাওয়া এবং দমকল বাহিনীর চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ৭ জুলাই তাপমাত্রা বেড়ে বাতাসে আদ্রতা কমে যাওয়ায় আবার নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে। দাবানল থেকে লোকজনদের রক্ষার জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা শহরের ২৬শ' বাড়িঘর এবং প্রায় ১০ হাজার একর জায়গা খালি করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় বন বিভাগের মুখপাত্র কারেন ম্যাককিনলি বলেন, "যেকোন সময় তাপমাত্রা বেড়ে গেলে কিংবা আর্দ্রতা কমে গেলেই দাবানল ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দমকল বাহিনীর কর্মীদের নিরাপত্তার বিষয়টিও ভাবনার বিষয়।" দমকলকর্মীদের মুখপাত্র এন ম্যাকলিন বলেন, "বাতাস খুবই সমস্যা সৃষ্টি করছে। বাতাস গতিমুখ পরিবর্তন করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১২ ঘ. .