কুয়ালা লামপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাওয়ি ২০১০ সালের জুনে ক্ষমতা হস্তান্তর করে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি এ পরিকল্পনা ঘোষণা করেন। একটি নিউজ ওয়েবসাইট একথা জানিয়েছে।
মালয়েশিয়ায় কয়েকমাস ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা মুখ ঘুরিয়ে নিচ্ছে। এ অনিশ্চয়তা কাটানোই বাদাওয়ির অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার উদ্দেশ্য।
কোনো সূত্রের উদ্বৃতি না দিয়ে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ দ্যমালয়েশিয়ানইনসাইডার ডটকম জানায়, বৃহস্পতিবার দলীয় বৈঠকে বাদাওয়ি অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, ২০১০ সালের জুনে 'ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন' এর প্রেসিডেন্সির দায়িত্ব ডেপুটি নাজিব রাজাকের কাছে হস্তান্তর করবেন তিনি।
ওয়েব সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, "কারণ, তিনি মনে করেন তার এই ঘোষণা মালয়েশিয়ার রাজনীতিতে কিছুটা হলেও নিশ্চয়তা ফেরাবে এবং রাজনৈতিক চক্রান্তের মাত্রা কমাবে যে কারণে বহু মালয়েশীয় এবং বিদেশি বিনিয়োগকারিরা বিচলিত হয়ে আছেন।"
উল্লেখ্য, মার্চের নির্বাচনে ক্ষমতাসীনরা গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল করায় বাদাওয়ি ক্ষমতা ছাড়ার চাপের মুখে পড়েছেন। এছাড়াও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজপথে বিক্ষোভ, সরকার ও বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে খুন, যৌন কেলেঙ্কারির অভিযোগের কারণে প্রশ্নের মুখে পড়েছে বাদাওয়ির নেতৃত্ব। বাড়ছে জনঅসন্তোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৩০ ঘ.
bdnews24