২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আস্থা ভোট নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। বেসামরিক পরমাণু চুক্তির প্রতিবাদে সরকার থেকে বামদলগুলো সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর আস্থা ভোট নিয়ে আলোচনা করার জন্যই তারা বৈঠকে বসছেন বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

নয়াদিল্লি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। বেসামরিক পরমাণু চুক্তির প্রতিবাদে সরকার থেকে বামদলগুলো সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর আস্থা ভোট নিয়ে আলোচনা করার জন্যই তারা বৈঠকে বসছেন বলে মনে করা হচ্ছে। বাম দলগুলো সমর্থন প্রত্যাহার করে নেয়ার অর্থ হচ্ছে কংগ্রেসে নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কোনো দলের সমর্থন প্রয়োজন। যদিও কংগ্রেস সমাজবাদী পার্টির সমর্থন পেয়েছে তবুও এ বিষয়টি নিশ্চিত নয় যে সংখ্যাটি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য যথেষ্ট। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কার্যালয় থেকে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমেহান সিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। বিবৃতিতে সরকার থেকে বামদলগুলোর বের হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, "এ বিষয়ে তার (প্রধানমন্ত্রীর) দৃষ্টিভঙ্গি জানার জন্য' সাক্ষাৎ করবেন প্রতিভা পাতিল। নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বলেন, " সম্ভবত বৈঠকে আস্থা ভোট অনুষ্ঠানের জন্য পার্লামেন্টে একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে।" ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। পরমাণু চুক্তি বিষয়ক আস্থা ভোটে হেরে গেলে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই নির্বাচন করতে হবে। পরমাণু চুক্তি চূড়ান্ত করার প্রথম ধাপেই ভারত সরকারকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র অনুমোদন পেতে হবে। তাই এটিই হচ্ছে ভারত সরকারের চুক্তি বিষয়ক পরবর্তী পদক্ষেপ। এরপর এটি মার্কিন কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পেতে হবে। ভারত তার বেসামরিক পরমাণু চুক্তির খসড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য জমা দিয়েছে। আইএইএ'র অনুমোদন এবং পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হওয়ার ওপরই নির্ভর করছে দেশটির বেসামরিক পরমাণু চুক্তির ভবিষ্যত। আস্থা ভোট এবং পরমাণু চুক্তি অনুমোদনের জন্য আইএইএ'র বোর্ড অব গভর্নরসের বৈঠক এমাসের শেষেই হবে বলে আশা করা হচ্ছে। পার্লামেন্টে ৫৯ আসনের অধিকারী বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি অনাস্থা ভোট আয়োজনের আহ্বান জানিয়েছে। ওই ভোটে জিততে হলে মনমোহন সরকারের আরও ৪৪ জন এমপির সমর্থন লাগবে। কিন্তু ইতিমধ্যেই সরকারকে সমর্থন দেওয়া সমাজবাদী পার্টির আসন রয়েছে ৩৯টি। অর্থাৎ, আর মাত্র ৫টি আসনের সমর্থন জোগাড় করতে পারলেই কংগ্রেস সরকার টিকিয়ে রাখার শক্তি পেয়ে যাচ্ছে। তবে কবে এ আস্থা ভোট অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। বিষয়টি রাষ্ট্রপতির ওপর নির্ভর করছে। অবশ্য সূত্র উল্লেখ না করে কয়েকটি শীর্ষস্থানীয় দৈনিক জানিয়েছে এ মাসের ২১-২২ তারিখে ভোট হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫২ ঘ.