২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়ন রোধের দুরদৃষ্টি নিয়ে শেষ হচ্ছে জি-৮ সম্মেলন

বিশ্ব উষ্ণায়ন রোধে কার্বন নিঃসরণ বেশিমাত্রায় কমানোর প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েছেন জি-৮ নেতারা। কিন্তু ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ কার্বন হ্রাসের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা মেনে নিতে চীন ও অন্যান্য উদীয়মান শক্তির দেশগুলো অস্বীকৃতি জানিয়েছে। ফলে কার্বন নিঃসরণ বেশিমাত্রায় কমানোর সর্বসম্মত লক্ষ্য ও দুরদৃষ্টি নিয়েই শেষ হচ্ছে এবারের জি-৮ সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

টোকিও, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব উষ্ণায়ন রোধে কার্বন নিঃসরণ বেশিমাত্রায় কমানোর প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েছেন জি-৮ নেতারা। কিন্তু ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ কার্বন হ্রাসের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা মেনে নিতে চীন ও অন্যান্য উদীয়মান শক্তির দেশগুলো অস্বীকৃতি জানিয়েছে। ফলে কার্বন নিঃসরণ বেশিমাত্রায় কমানোর সর্বসম্মত লক্ষ্য ও দুরদৃষ্টি নিয়েই শেষ হচ্ছে এবারের জি-৮ সম্মেলন। এর আগের বছরের সম্মেলনে জি-৮ ভুক্ত দেশগুলো কেবল জলবায়ূ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিতে রাজি হয়েছিল। এবার তারা কার্বন নিঃসরণের বাঁধাধরা কোনোও লক্ষ্য পূরণে রাজি না হলেও বেশিমাত্রায় তা হ্রাসের প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হয়েছে। জাপানের হোক্কাইডো দ্বীপে অনুষ্ঠিত এবারের জি-৮ শীর্ষ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তন। তিনদিনব্যাপী এই সম্মেলনের শেষদিনে বুধবার জি-৮ নেতাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন চীন, ভারত ও ব্রাজিলসহ উন্নয়নশীল বিশ্বের অন্যতম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর নেতারা। এর আগে গত মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনে এক যুক্ত বিবৃতিতে জি-৮ শীর্ষ নেতারা জানান, বৈশ্বিক উষ্ণায়ণ রোধ করার লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০ শতাংশ হ্রাসে তারা সম্মত হয়। জি-৮ নেতারা গত মঙ্গলবার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৫০ শতাংশ কমাতে রাজি হলেও যুক্তরাষ্ট্র ওই লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে আপত্তি করে আসছে। তারাও স্বীকার করছে যে, কার্বন নিঃসরণ কমানো দরকার তবে সেটা কোনো নির্দিষ্ট মাত্রা বেঁধে দিয়ে নয়। বুধবার সম্মেলনে যোগ দেওয়া ভারত, চীন ও ব্রাজিলের মতো ১৬টি দেশ এবং যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানিয়েছে, ওই লক্ষ্যমাত্রা তাদের পক্ষে পূরণ করা সম্ভব হবে না। উন্নয়নশীল বিশ্ব দাবি করে আসছে, গ্রিনহউস গ্যাস নিঃসরণ কমাতে শিল্পোন্নত ধনী দেশগুলোকেই অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। নিজেদের উন্নয়নের স্বার্থে এই মুহূর্তে বেধে দেওয়া নির্দিষ্ঠ মাত্রায় গ্যাস নিসঃসরণ কমানো তাদের পক্ষে সম্ভব নয়। তবে উন্নত বিশ্ব বলে আসছে উন্নয়নশীল বিশ্বকে বাদ দিয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন সম্ভব নয়। চীন ও ভারতই শুধু বিশ্বের ২৫ শতাংশ কার্বন নিঃসরণ করে থাকে। তাদেরকে বাইরে রেখে লক্ষ্যমাত্রা অর্জন কিভাবে সম্ভব। তবে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারাসো জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বুধবার গঠনমূলক আলোচনা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, "এই বিষয়টাকে উন্নত বিশ্ব ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে বিবাদের ধরে নিলে ভুল করা হবে। অবশ্যই আমাদের দায়িত্ব বেশি এবং আমরা তা পালন করব। কিন্তু মনে রাখতে হবে সমস্যাটা সারা বিশ্বের। সে কারণে সেখানে সকলের অংশগ্রহণ জরুরি।" তবে বুধবার উন্নয়নশীল বিশ্বের নেতার জানিয়েছেন, উন্নত বিশ্ব একটা মাঝামাঝি লক্ষ্য নির্ধরণ করতে পারে তবে সেটা একেবারে নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা অবশ্যই নয়। এক জাপানি কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, জি-৮ ভুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং রাশিয়ার নির্ধারিত লক্ষ্যেকে কেবল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া সমর্থন জানিয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে চীনা প্রেসিডেন্ট হু জিনতাও বলেছেন, "চীন বর্তমানে একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং আমরা শিল্পায়ন ও আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছি।" তিনি আরও বলেন, "চীনের জনগণের জীবনযাত্রার মান এখনও যথেষ্ট ভাল নয়। কাজেই চীনের মূল কাজ এখন অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ অবস্থায় গ্রিনহাউস গ্যাস বা কার্বন নিঃসরণের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩০ ঘ.