২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুলে মার্কিন মিশনের সামনে গোলাগুলিতে ৬ জন নিহত

তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র কনস্যুলেটের সামনে গোলাগুলিতে বুধবার ৩ পুলিশ সদস্য এবং ৩ বন্দুকধারী নিহত হয়েছেন। ইস্তাম্বুলের গভর্নর এ খবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ইস্তাম্বুল, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র কনস্যুলেটের সামনে গোলাগুলিতে বুধবার ৩ পুলিশ সদস্য এবং ৩ বন্দুকধারী নিহত হয়েছেন। ইস্তাম্বুলের গভর্নর এ খবর জানিয়েছেন। ইস্তাম্বুলের গভর্নর মুয়াম্মার গুলার জানিয়েছেন, পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে কয়েক মিনিট ধরে চলা সংঘর্ষে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য মারা যান। অপর দুই পুলিশ সদস্য গুরুতর জখম নিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। এছাড়া ওই গোলাগুলিতে তিন বন্দুকধারী নিহত হওয়া ছাড়াও আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। ভিসার জন্য ওই কনস্যুলেটে আসা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চার ব্যক্তি একটি গাড়ি নিয়ে সেখানে আসে এবং তাদের তিনজন গাড়ি থেকে নেমে পুলিশের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়তে শুরু করলে হামলাকারীদের একজন একটি যানবাহনে করে পালিয়ে যায়। তিনি আরও জানান, নিহত তিন পুলিশের মধ্যে একজন মিশনে দায়িত্বরত ছিলেন বাকী দুজন ছিলেন রাস্তার টহল পুলিশ। এর আগে টেলিভিশনে দেখানো হয়েছে উঁচু দেয়ালঘেরা মার্কিন মিশনের সামনে চারটি মৃতদেহ পড়ে আছে। প্রাথমিক খবরে বলা হয়েছিল, ওই গোলাগুলির ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, ইস্তাম্বুলে এরকম একটি গোলযোগের কথা তারা অবহিত। তবে এর চেয়ে বেশি কিছু জানাননি তারা। কোনো গ্র"প এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। বিভিন্ন সময়ে কুর্দি গেরিলা থেকে শুরু করে মাওবাদী, ট্রটস্কিপন্থীসহ বহু গ্র"পের সশস্ত্র হামলার মুখে পড়েছে তুরস্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৫ ঘ.