জাপান, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিরাপত্তা চুক্তির অংশ হিসাবে বিদেশি সেনা প্রত্যাহারের দিনক্ষণ নির্ধারণের ইরাকি দাবির বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো জাপানে প্রেসিডেন্ট বুশের সঙ্গে সফররত সাংবাদিকদের বুধবার বলেছেন, "আমরা বরাবরই সেনা প্রত্যাহারের এ ধরনের অযৌক্তিক সময়সীমা নির্ধারণের বিপক্ষে ছিলাম এবং আছি।"
তিনি বলেন, "সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া উচিত বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।"
ওয়াশিংটনের সঙ্গে ইরাকের নিরাপত্তা চুক্তি নিয়ে যে আলোচনা চলছে তারই একটি দফা হিসাবে ইরাকি কর্মকর্তারা মঙ্গলবার সেনা প্রত্যাহেরর দিনক্ষণ নির্ধারণের দাবি জানান।
ইরাকের নিরাপত্তা উপদেষ্টা ওইদিন বলেন, যুক্তরাষ্ট্র বিদেশি বাহিনী প্রত্যাহারের দিনক্ষণ নির্ধারণ না করা পর্যন্ত ইরাক তাদের সঙ্গে কোনো নিরাপত্তা চুক্তি করবে না। কিন্তু মার্কিন সরকারের মুখপাত্র জানিয়ে দেন, মাঠ পর্যায়ের পরিস্থিতির ওপরই সেনা প্রত্যাহারের দিন নির্ধারণের বিষয়টি নির্ভর করবে।
হোয়াইট হাউস বলেছে, ইরাকের বিদেশি সেনা প্রত্যাহারের দাবি থেকে এটি স্পষ্ট যে, ইরাকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৬০০ ঘ.
bdnews24