লন্ডন, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী কমল নাথ বলেছেন, পার্লামেন্টে অনাস্থা ভোট গ্রহণ করা হলেও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার টিকে যাবে। কেননা তাদের পক্ষে পর্যাপ্ত সমর্থন আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে সরকারের ওপর থেকে বামপন্থীদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় মঙ্গলবার তিনি একথা বলেন।
লন্ডনে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহণের সময় কমল নাথ রয়টার্সকে বলেন, " অবশ্যই আমাদের পর্যাপ্ত সংখ্যক সমর্থন আছে। সরকার অবশ্যই টিকে থাকবে।"
পার্লামেন্টে ৫৯ আসনের অধিকারী বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়ে ওই অন্যাস্থা ভোটের আয়োজনের কথা জানিয়েছে। ওই ভোটে জিততে হলে সরকারের ৪৪ জন এমপির সমর্থন লাগবে। কিন্তু ইতিমধ্যেই সরকারকে সমর্থন দেওয়া সমাজবাদী পার্টির আসন রয়েছে ৩৯টি। অর্থাৎ আর মাত্র ৫টি আসনের সমর্থন জোগাড় করতে পারলেই তারা সরকার টিকিয়ে রাখার শক্তি পেয়ে যাচ্ছেন।
কংগ্রেস নেতা এবং বিশ্লেষকরা বলছেন, ছোট ছোট দল গুলোর কাছ থেকে বাড়তি পাঁচ আসনের সমর্থন জোগাড় করে ফেলতে পারবে সরকার।
ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আরও বলেন, "আমি মনে করি না ভারতের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল। ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং অবশ্যই সরকার আস্থা ভোটের বিষয়ে এগিয়ে যেতে চাইবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩৪ ঘ.
bdnews24