২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি গভর্নরের ঘোষণা: বসরা জঙ্গিমুক্ত

ইরাকের বসরা প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-ওয়ালি মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, বসরা এখন বিদ্রোহী মেহদি আর্মি মুক্ত। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, তেল সমৃদ্ধ বসরার আসন্ন প্রাদেশিক নির্বাচন সহিংতা ছাড়াই সম্পন্ন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

বসরা, ইরাক, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের বসরা প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-ওয়ালি মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, বসরা এখন বিদ্রোহী মেহদি আর্মি মুক্ত। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, তেল সমৃদ্ধ বসরার আসন্ন প্রাদেশিক নির্বাচন সহিংতা ছাড়াই সম্পন্ন হবে। গভর্নর ওয়ালি জানিয়েছেন, শিয়া নেতা মুকতাদা আল সদরের মেহদি আর্মি ও অন্যান্য বিদ্রোহিদের বিরুদ্ধে ইরাকি বাহিনীর অভিযানের পর গত এপ্রিল থেকে বসরার সহিংসতা ৯০ শতাংশ কমেছে। গত মার্চে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি মাহদি আর্মির বিরদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন ইরাকি বাহিনীকে। মেহদি আর্মি প্রাথমিকভাবে প্রতিরোধ গড়ে তুললেও পরে মার্কিন বাহিনী ইরাকি বাহিনীর সহযোগিতায় এগিয়ে এলে তারা পিছু হটতে বাধ্য হয়। এক সপ্তাহ যুদ্ধের পর সদর তার অনুগতদের অস্ত্রবিরতির নির্দেশ দেন। এরপর থেকে তিনি বলে আসছেন, কেবল একটি নির্দিষ্ট গ্র"প মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করে যাবে এবং অন্যরা রাজনৈতিক কাজে নিয়েজিত থাকবে। গভর্নর ওয়ালি বলেন, "আমি মনে করি বসরা থেকে জঙ্গিরা বিতাড়িত হয়েছে। তাদের ক্ষমতা সত্যিই শেষ হয়ে গেছে।" তিনি যে শিয়া গ্র"পের নেতৃত্ব দিচ্ছেন, সদরের দলের সঙ্গে তাদের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। ওয়ালি আরও বলেন, "বিদ্রোহিদের কিছু অংশ ইরানে পালিয়ে গেছে। আর তাদের সামান্য যে অংশ এখনও অবশিষ্ট আছে সহিংসতা চালানোর মতো যথেষ্ট শক্তি তাদের নেই।" ইরাক থেকে দেশের বাইরে তেল রপ্তানির জন্য উপসাগরীয় উপকূলে নিতে হলে বসরার ওপর দিয়েই যেতে হয়। এছাড়া ইরাকের উৎপাদনশীল যে ছয়টি তেল খনি গত সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তার তিনটিই বসরায় অবস্থিত। কর্মকর্তারা জানিয়েছেন, গত মার্চে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর বসরা সমুদ্র বন্দরের আমদানি-রপ্তানি দ্বিগুণ বেড়েছে। গভর্নর ওয়ালি জানিয়েছেন, মাহদি আর্মি সহিংসতার পরিবর্তে এখন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে বেশি আগ্রহী। তিনি বলেন, "আমি মনে করি মেহদি আর্মির নেতৃত্বের অনেকের দৃষ্টিভঙ্গি পরিবর্তীত হচ্ছে।" আসন্ন প্রাদেশিক নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪০ ঘ.