২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও জ্বালানি সংকট বিপর্যয় ডেকে আনবে: ডি-এইট

খাদ্য ও জ্বালানির ক্রমবর্ধমান দাম বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছে উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন ডি-এইট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে অনুষ্ঠিত সংগঠনটির শীর্ষ সম্মেলন থেকে মঙ্গলবার এই সতর্কবাণী দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 11:15 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

কুয়ালা লামপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাদ্য ও জ্বালানির ক্রমবর্ধমান দাম বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছে উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন ডি-এইট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে অনুষ্ঠিত সংগঠনটির শীর্ষ সম্মেলন থেকে মঙ্গলবার এই সতর্কবাণী দেওয়া হয়। একইসঙ্গে খাদ্য ও তেল উৎপাদন বৃদ্ধি এবং জৈব জ্বালানি উৎপাদনের বিষয়টি জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনা করে দেখার আহ্বানও জানিয়েছেন ডি এইট নেতারা। বিশ্বের অন্যতম পাম তেল উৎপদানকারী দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ডি-এইট সম্মেলনে জানিয়েছে তারা আবাদি জমিতে জৈব জ্বালানি উৎপাদনের অবসান চায়। পাম তেল জৈব জ্বালানি উৎপাদনের কাঁচামাল (ফিডস্টক) হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও এ অঞ্চলে ভোজ্য তেল হিসেবেও পাম তেলের ব্যাপক ব্যবহার রয়েছে। জৈব জ্বালানির উৎপাদনের জন্যই বিশ্বজুড়ে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডি-এইট নেতারা জানান, খাদ্য ও জ্বালানি এই দুটি সমস্যা তাদের দেশের মানুষকে চরম চাপের মধ্যে ফেলে দিচ্ছে। বিশেষ করে গরীব মানুষদের। ইরান, ইন্দোনেশিয়া, মিসর, মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, নাইজেরিয়া এবং বাংলাদেশ এই আটটি দেশ নিয়ে ডি-এইট গঠিত। বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ১৪ ভাগ এই দেশগুলোতে বসবাস করে। সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়ুধোয়োনো বলেন, "এ বিষয়ে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ গ্রহণে বিলম্ব হলে তা দুর্যোগ ডেকে আনবে।" মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবিসহ অন্যান্য নেতারা জানান, সব দেশের অবস্থাই শোচনীয়। তেলের দাম সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে। এছাড়া খাদ্য মূল্য ২০০০ সাল থেকে এ পর্যন্ত শতকরা প্রায় ৭৫ ভাগ বেড়েছে। জ্বালানি ও খাদ্যমূল্য বৃদ্ধির ফলে অনেক উন্নয়নশীল দেশেই বিক্ষোভ হয়েছে। কোনো কোনো দেশে বিক্ষোভ দাঙ্গায় রূপ নিয়েছে। আব্দুলাহ আহমাদ বাদাবি বলেন, "খাদ্য সংকট অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। এটা বিপজ্জনক।" তিনি আরও বলেন, "বিশ্বের এই সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আমার মনে হয় সম্মেলন থেকে এ রকম বার্তাই বেরিয়ে আসবে।" মালয়েশিয়ায় তেলের দাম বাড়ানোর পর থেকেই আব্দুল্লাহ আহমেদ বাদাবির জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এছাড়াও নেতারা খাদ্য সম্পর্কিত যৌথ বিনিয়োগের বিষয়ে আলোচনার প্রত্যাশা করছেন। ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও এক দিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৭০৫ ঘ.