জেরুজালেম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় সীমান্ত পারাপারের মাত্র একটি পথ ছাড়া অন্যসবগুলো পথ মঙ্গলবার আবারও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মর্টার হামলার কারণেই সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
তারা আরও জানান, সোমবার গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে নি।
ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তা পিটার লার্নার বলেন, "ইরেজ টার্মিনাল ছাড়া আর সব গাজা সীমান্ত পথ বন্ধ থাকবে। কেননা গতকাল মর্টার নিক্ষেপ করা হয়েছে।"
উল্লেখ্য, মিসরের মধ্যস্থতায় ১৯ জুন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। অস্ত্র বিরতি অনুযায়ী, ফিলিস্তিনি বিদ্রোহীরা ইসরায়েলে রকেট এবং মর্টার নিক্ষেপ বন্ধ করলে ইসরায়েল ধীরে ধীরে গাজা অবরোধ তুলে নিতে শুরু করে।
গাজার সঙ্গে কিছু সীমান্ত পারাপার পথ গত রোববার খুলে দেয় ইসরায়েল। অবরুদ্ধ গাজায় পণ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ফিলিস্তিনিদের ইসরায়েলে চিকিৎসা সহায়তার সুযোগ দিতে এ পথগুলো খুলে দেওয়া হয়।
এর আগে, গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার পর ওই সীমান্ত পারাপার পথগুলো বৃহষ্পতিবার বন্ধ করেছিল ইসরায়েল। অবশ্য ওই রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাছাড়া রকেট হামলা ছাড়াও এমনিতেই শুক্রবার থেকে ইসরায়েলের সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উপাসনার দিন রোববার পর্যন্ত স্বাভাবিকভাবেই ওইসব পারপার পথগুলো বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫২৪ ঘ.
bdnews24