নয়াদিল্লি, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসরকারি পরমাণু চুক্তির প্রতিবাদে ভারতের কোয়ালিশন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে বাম দলগুলো। মঙ্গলবার সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। বাম দলগুলোর সমর্থনেই পার্লামেন্টে চার বছর সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে কংগ্রেস।
বাম দলগুলো জানিয়েছে, সরকার বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় গেলে তারা সরকার থেকে বের হয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী সোমবার জানান, তিনি চুক্তি নিয়ে খুব শিগগিরই সামনে এগোবেন।
সরকারের প্রধান বামদল 'সিপিআই(এম)'র প্রধান প্রকাশ কারাট সাংবাদিকদের বলেছেন, "সময় চলে এসেছে।"
বাম দলগুলো সমর্থন প্রত্যাহার করে নিলে পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সামজবাদী পার্টির সমর্থনের কারণে আস্থা ভোটে এ যাত্রায় সাধারণ নির্বাচনের হাত থেকে বেঁচে যাবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার।
সরকার বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে এগুলে তারা সরকার থেকে বের হয়ে যাবে--- একথা বলে সরকারের প্রধান বাম মিত্রদল সিপিআই (এম) কয়েকমাস ধরেই সরকারকে হুমকি দিয়ে আসছে।
কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবারও বলেছেন, চুক্তির ব্যাপারে "খুব শিগগিরই" পদক্ষেপ নেয়া হবে।
ওদিকে, কারাট জানান, বুধবার ভারতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের মাধ্যমে বামদলগুলো সরকার থেকে বের হয়ে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে।
অন্য একটি বাম দলের শীর্ষস্থানীয় নেতা দেবব্রত বিশ্বাস জানান, সরকারকে সমর্থন জানানো চারটি বাম দল প্রেসিডেন্টকে আস্থা ভোটগ্রহণের আহ্বান জানাবে।
তবে সমাজবাদী পার্টি সরকারের পরমাণু চুক্তিকে সমর্থন জানিয়েছে। তারা জানিয়েছে, বেসামরিক পরমাণু চুক্তিকে সমর্থন জানিয়ে সরকারের পক্ষে ভোট দেবে।
সমাজবাদী পার্টির প্রধান মুলায়েম সিং যাদব বলেন, "আমরা পরমাণু চুক্তিকে সমর্থন জানিয়েছি, আমরা সরকারের পক্ষে ভোট দেব।"
উল্লেখ্য, পার্লামেন্টে সমাজবাদীদের আসন হচ্ছে ৩৯টি এবং অন্য বাম দলগুলোর আসন ৫৯টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য কংগ্রেস-নেতৃত্বাধীন ক্ষমতাসীন কোয়ালিশনের ৪৪ টি আসন দরকার। সমাজবাদীদের সমর্থনের পরও কংগ্রেসের পাঁচটি আসন স্বল্পতা রয়েছে। এটি কাটিয়ে উঠতে সরকার ছোট বাম দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা নেবে।
পরমাণু চুক্তি চূড়ান্ত করার প্রথম ধাপেই ভারত সরকারকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র অনুমোদন পেতে হবে। তাই এটিই হচ্ছে ভারত সরকারের চুক্তি বিষয়ক পরবর্তী পদক্ষেপ। এরপর এটি মার্কিন কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পেতে হবে।
আগামী বুধবার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং'র সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জজং ডব্লিউ বুশের বৈঠকে বসার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ওই দিনই মনমোহন সিং চুক্তির বিষয়টি নিশ্চিত করবেন। তবে অনেকে বলছেন, বুশের মেয়াদ শেষের আগে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় ইতোমধ্যেই অনেক দেরী হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪০ ঘ.
bdnews24